সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন ৪০ যুব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
কলারোয়ায় ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন ৪০ যুব

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নয়টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণার্থী যুবক ও ওস্তাদদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির বাস্তবায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক কার্ক ইন অ্যাক্টির অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে মোট ৮৪ জন অংশ নিচ্ছেন, যার মধ্যে কলারোয়া উপজেলার ৪০ জন।

সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, সাংবাদিক ও প্রভাষক আরিফ মাহমুদ, সিসিডিবির কারিগরি কর্মকর্তা একরামুল কবীর এবং মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাসসহ অন্যরা।

Ads small one

শ্যামনগরে বিষাক্ত অ্যালকোহল পানে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
শ্যামনগরে বিষাক্ত অ্যালকোহল পানে স্কুলছাত্রের মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে বিষাক্ত অ্যালকোহল পান করার চার দিন পর দীপুরাজ হাউলি (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীপুরাজ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, বুধবার সন্ধ্যার পর খোলপেটুয়া নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের অনুষ্ঠান দেখতে বন্ধুদের সঙ্গে ট্রলারে ওঠে দীপুরাজ। এ সময় সে অ্যালকোহল পান করে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সমীর জোয়ারদার জানান, ধারণা করা হচ্ছে, দীপুরাজ যে অ্যালকোহল পান করেছিল, তা হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হলেও বিষাক্ত ছিল। চিকিৎসকদের কাছ থেকে তিনি জেনেছেন, ওই পদার্থ পানের কারণে শিশুটির খাদ্যনালি ও পাকস্থলী পুড়ে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সাতক্ষীরা আদালতে পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামির

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালতে পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামির

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আসামি রেজাউল ইসলাম (৪৮)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে। তবে জুতা ওই পুলিশ কর্মকর্তার গায়ে লাগেনি।

রেজাউল ইসলাম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে। সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন জানান, একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাঁকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত তাঁকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চাইতে আদালতে দাঁড়ান। পরে তিনি কাঠগড়া থেকে নামার পর রেজাউল তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

এ সময় রেজাউল দাবি করেন, তিনি আট-নয় মাস ধরে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা পরিচালনার আর্থিক সামর্থ্যও তাঁর নেই বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন বলেন, রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে এ ধরনের আচরণের জন্য তাঁর বিরুদ্ধে বিচারক কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না, তা পরে জানা যাবে।

আদালত চত্বরে রেজাউল বলেন, মিথ্যা মামলায় তিনি হয়রানির শিকার হচ্ছেন। জুতা নিক্ষেপের মাধ্যমে তিনি পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়েছেন; আদালতকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে বক্তব্য জানতে সোমবার দুপুর আড়াইটার দিকে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, রেজাউলের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ প্রায় ৩০টি বিচারাধীন মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কার্যালয় ও দলীয় নেতা সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩৫ থেকে ১৪০ জনকে আসামি করা হয়েছে।

জাগপার সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা, সভাপতি রেজাউল সম্পাদক গোলাম আযম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
জাগপার সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা, সভাপতি রেজাউল সম্পাদক গোলাম আযম

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ৪১ সদস্যের এ কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি ও মো. গোলাম আযমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কমিটির অনুমোদন দেন। কমিটি সমন্বয় ও ঘোষণার দায়িত্ব পালন করেন দলের বিভাগীয় দায়িত্বশীল সাব্বির আহমেদ।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আতাউর রহমান ফারুকী, মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাদিক হুসাইন, আব্দুস সালাম, মো. কওসার আলী, মো. আহসান সরদার, আলহাজ আব্দুর সাত্তার, রেহেনা বেগম, বজলুল রহমান ও জিয়াউরুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফ হোসাইন, রহমত হুসাইন, শাপলা খাতুন, আব্দুস সাত্তার, উম্মে হাবিবা, মো. ফারুক হোসাইন, রূপা সুলতানা, আসাদুল ইসলাম, শাহানারা বেগম ও মো. ইসানুর সরদার।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. রুহুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মো. আরাফাত হোসেন, সহদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক সানজিদা খাতুন ও সহপ্রচার সম্পাদক মো. ইব্রাহিম।

ধর্মবিষয়ক সম্পাদক সবেদ আলী, সহধর্মবিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আব্দুর রশীদ, সহঅর্থবিষয়ক সম্পাদক মো. সাগর হাওলাদার, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোছা. সুরাইয়া ইয়াসমিন, সহশিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, ত্রাণবিষয়ক সম্পাদক মো. আবু জাহিদ এবং সহত্রাণবিষয়ক সম্পাদক আজমল হোসেন তুরাব।

তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক হয়েছেন আরিফা আক্তার মিতু এবং সহসম্পাদক ডলি আক্তার। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. আসিফ, আব্দুর রাকির ও আব্দুর রহমান ফারুকী।

নতুন এ কমিটির মাধ্যমে সাতক্ষীরায় জাগপার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।