গাবুরায় ৪০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি চাহিদা পূরণে ৪০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতী। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটির (নাবিক) সহযোগিতায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুই মাসের খাদ্য ও পুষ্টি সহায়তা হিসেবে ২ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, ইউপি সদস্য জি এম মুনজুর হোসেন, নারী সদস্য ফরিদা পারভীন, শিক্ষক আবু তালেব সাগর, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী রুবাইয়া ইয়াসমীন রুপাসহ ব্রতীর কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান জি এম মাছুদুল আলম ব্রতী ও নাবিকের উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব সহায়তা দুর্যোগকবলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় ব্রতী শিশুদের পুনর্বাসন, ঘর নির্মাণ ও সংস্কার, খাবার পানির ট্যাংক বিতরণ, পুকুর খনন, শিক্ষা কার্যক্রম এবং ভাসমান স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, গাবুরার মানুষের জীবনমান উন্নয়ন ও অসহায় শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে।









