শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন গ্রাম সরকার ও দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর ২০২২ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সার্বিক উন্নয়নে নির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রায় ১২ কিলোমিটার বিস্তৃত ৯টি ওয়ার্ড ও ২৬টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের জন্য গত চার বছরের বেশি সময়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিচঢালা রাস্তা, হেরিংবন্ড ও ইনোব্লক সড়ক নির্মাণ, ড্রেন ও কালভার্ট স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সুপেয় পানির ব্যবস্থা, কাঁচা রাস্তা সংস্কার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার এবং খেলাধুলার মানোন্নয়নমূলক কার্যক্রম।চেয়ারম্যান দাবি করেন, স্বাধীনতার পর মথুরেশপুর ইউনিয়নে এত ব্যাপক উন্নয়ন হয়নি। উন্নয়নের এই ধারাবাহিকতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার ও পরিষদের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এসএম আবু তাহের দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারেননি। উন্নয়ন কাজে অনিয়ম ধরা পড়ায় তাকে বাদ দিয়ে অন্য সদস্যদের মাধ্যমে কাজ বাস্তবায়ন শুরু হলে তিনি ক্ষুব্ধ হয়ে নানা ধরনের বাধা সৃষ্টি ও অপপ্রচার শুরু করেন।
এছাড়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আরিজুল ইসলামের বিরুদ্ধেও উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যান বলেন, কাজ সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়ায় তার সঙ্গে মতবিরোধ তৈরি হয়। পরবর্তীতে ঠিকাদারের মাধ্যমে কাজ পরিচালনা শুরু হলে তিনিও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াতে থাকেন। সাংবাদিক সম্মেলনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তারের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তোলা হয়। চেয়ারম্যানের দাবি, ওই কর্মকর্তা তার স্বামীকে দিয়ে পরিষদের বিভিন্ন কম্পিউটার সংক্রান্ত কাজ পরিচালনা করাচ্ছেন, ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে তিনি জানান।
চেয়ারম্যান আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তার বদলির দাবিতে ইতোমধ্যে তিনি ও ৯ জন ইউপি সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, “আমি রাষ্ট্রীয় বিধিমালা মেনে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। নির্বাচনকে সামনে রেখে একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইউপি সদস্য রহমত আলী, কলীম গাজী, মো. আবু হাসান, দেবাশীষ ঘোষ, আব্দুল জলিল, নুর মোহাম্মদ বাঁচা মোল্লা এবং সংরক্ষিত নারী সদস্য মেহেরুন নেসা ও প্রমিলা রাণী ম-ল।

 

Ads small one

ফাইনালের আগে লামিনে ইয়ামালকে নিয়ে শঙ্কা, যা জানালো স্পেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
ফাইনালের আগে লামিনে ইয়ামালকে নিয়ে শঙ্কা, যা জানালো স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে সাময়িক দুশ্চিন্তা। দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল মূল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে অনুশীলন করায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আলাদা অনুশীলন করানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুশীলনে ইয়ামালের সঙ্গে ডিফেন্ডার পেদ্রো পোরোকেও মূল দল থেকে আলাদা রাখা হয়। দুজনই পুনর্বাসন ও হালকা ফিটনেস অনুশীলন করেন। এটি ছিল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর স্পেনের প্রথম অনুশীলন।

অনুশীলনের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের চোট নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। তবে দ্রুতই বিষয়টি পরিষ্কার করে আরএফইএফ জানায়, দুজনকেই কেবল অতিরিক্ত চাপ এড়ানোর জন্য আলাদা অনুশীলন করানো হয়েছে। তাদের ফিটনেস নিয়ে কোনও উদ্বেগ নেই।

ফেডারেশনের আশা, রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে লামিনে ইয়ামালকে নিয়েই মাঠে নামবে স্পেন।

১৮ বছর বয়সী ইয়ামাল চলতি বিশ্বকাপে স্পেনের অন্যতম সেরা পারফর্মার। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তাকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্প্যানিশ শিবির।

 

ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আটলান্টায় প্রথম অনুশীলন সেশন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই সেশনে মাঠে বল নিয়ে অনুশীলনের বদলে বেঞ্চে বসেই সময় কাটাতে দেখা গেছে অধিনায়ক লিওনেল মেসিকে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর ২৪ ঘণ্টাও পার হয়নি। তাই বৃহস্পতিবারের অনুশীলন ছিল মূলত পুনরুদ্ধার (রিকভারি) সেশন। যেসব খেলোয়াড় ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা শুধু হালকা শারীরিক অনুশীলন করেন। অন্যদিকে কম সময় খেলা কিংবা না-খেলা ফুটবলাররা বল নিয়ে হালকা অনুশীলন করেন।

অনুশীলনের সময় মেসির সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে খালি পায়ে একটি বেঞ্চে বসে গল্প করতে ও হাসতে দেখা যায়। পরে জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজসহ সেমিফাইনালের শুরুর একাদশের আরও কয়েকজন খেলোয়াড়ও তাদের সঙ্গে যোগ দেন।

পুরো অনুশীলনেই ছিল স্বস্তির আবহ। যেসব ফুটবলার আগের ম্যাচে কম খেলেছেন বা খেলেননি, তারা তুলনামূলক হালকা কসরত করেছেন।

আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হবে শুক্রবার। নিউ জার্সিতে ফাইনালের ভেন্যুতে রওনা হওয়ার আগে আটলান্টায় এটিই হবে তাদের শেষ সেশন।

এবার ফিফা ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে। শুক্রবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি দল থেকে তিনজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন সাংবাদিকরা। এদিন সংবাদ সম্মেলনে আসবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও।

তবে ফাইনালের আগের দিন শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলের অনুশীলনই হবে সম্পূর্ণ ক্লোজড ডোর। শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ স্পেন। দীর্ঘদিন বার্সেলোনায় খেলার সুবাদে স্প্যানিশ ফুটবল ও খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবেই জানেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তাই ফাইনালের আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই কথা বলেছেন তিনি।

রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ওরা দুর্দান্ত একটি দল। চমৎকার সব খেলোয়াড় আর দারুণ ফুটবলশৈলী রয়েছে তাদের। দলটিকে আমি খুব ভালো করেই চিনি। বহু বছর ধরে তারা নিজেদের একটি নির্দিষ্ট ফুটবল দর্শন ধরে রেখেছে। তাদের অনেক খেলোয়াড়কে আমি চিনি, তাদের বিপক্ষে খেলেছি এবং এখনও তাদের খেলা অনুসরণ করি। কয়েকজন তো বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি মন থেকে ভালোবাসি। এটি একটি বিশেষ ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। আমার বিশ্বাস, ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে।’

সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমরা যেভাবে এই মুহূর্তটি উপভোগ করছি, আপনারাও সেভাবেই উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি এবং আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছি। গত চার বছর ধরে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে যে আনন্দ পেয়েছি, এবারও সেই মঞ্চে ফিরেছি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলের পারফরম্যান্স আমাকে অবাক করে না। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। দলের কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে সীমার শেষ প্রান্তে থেকেও, এমনকি ইনজুরি নিয়েও খেলেছে। তাই হয়তো অনেকে সন্দেহ করেছিল আমরা এতদূর আসতে পারব কি না। কিন্তু এই দল ঐক্যবদ্ধ থাকলে বাড়তি শক্তি পায়। একে অপরকে অনুপ্রাণিত করে এমন শক্তি বের করে আনে, যা হয়তো তারা নিজেরাও আগে জানত না।’