বিভিন্ন স্থানে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন
সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে জেলাজুড়ে এই উৎসব শুরু হয়। স্থানভিত্তিক সংক্ষিপ্ত সংবাদগুলো নিচে তুলে ধরা হলো:
পাটকেলঘাটা: পাটকেলঘাটায় শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় পাটকেলঘাটা বলফিল্ড রথ মন্দির থেকে শত শত নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে শোভাযাত্রাটি কালীবাড়ি সড়ক, গোডাউন সড়ক ও বলফিল্ড সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া উপজেলার খলিশখালী ও দলুয়া বাজারেও আনন্দঘন পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়। দলুয়া বাজার মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি কৈখালী ও টিকরামপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। কুমিরা বাসস্ট্যান্ডেও রথযাত্রা উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসবের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্যামনগর: শ্যামনগরের গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে মহাসমারোহে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা উদযাপিত হয়েছে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম প্রমুখ।
রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় আলোচনা সভা ও পূজা শেষে রথটান শুরু হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দির থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ ছাড়া উপজেলার সোনামুগারী রাস মন্দির, বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির, হরিনগর সাধুপাড়া কৃষ্ণ মন্দির এবং বুড়িগোয়ালিনীতে রথ উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
লাবসা: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া) প্রাঙ্গণে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লাবসার ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ ম-ল, ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মন্দির কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কর্মকর ও সদস্য সচিব অসীম কর্মকর।
ব্রহ্মরাজপুর: ব্রহ্মরাজপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত ও মন্দিরের অধ্যক্ষ ভীম বন্ধু দাস কৃষ্ণদাস অধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইলাল সাহা।

তালা: তালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাঝিয়াড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি প্রভাষক আহ্লাদ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। বসু ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি এবং তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
বুধহাটা: আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথ শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নওয়াপাড়া মন্দির, শ্বেতপুর মন্দির এবং বুধহাটা দক্ষিণপাড়া মন্দির প্রদক্ষিণ করে মাসির বাড়িতে গিয়ে শেষ হয়।

কাটিয়া কর্মকারপাড়া: সাতক্ষীরা সদর উপজেলা (কাটিয়া কর্মকার পাড়া) সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, কিরণ্ময় সরকার, মনোরঞ্জন কর্মকার মন্টু, স্বপন কুমার সাহা ও সমীর কুমার বসুসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।

কলারোয়া: কলারোয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গল আরতি, গীতাপাঠ ও ভজনকীর্তনের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। কলারোয়া পৌরসভার হরিতলা পূজাম-প, গোয়ালঘাটা পূজাম-প ও উত্তর মুরারীকাটি পালপাড়া পূজাম-পে পৃথকভাবে এই উৎসবের আয়োজন করা হয়। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল জানান, গোয়ালঘাটা ও হরিতলা পূজাম-প যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। অন্যদিকে, উত্তর মুরারীকাটি পালপাড়ায় কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় উৎসবের সূচনা হয়।

কালীগঞ্জ: কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটিতে ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। তিনি গোবিন্দকাটির রথযাত্রা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, সেবায়েত ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিয়ে কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী প্রমুখ। পরিদর্শনকালে অ্যাডভোকেট ইফতেখার আলী সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।






