বিভিন্ন স্থানে জুলাই শহীদ দিবস পালন
পত্রদূত ডেস্ক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার তালা, কলারোয়া, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগরে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা, র্যালি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তালা: তালায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন এবং ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম প্রসুখ।

১১দলীয় জোট: ১১দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মশারফের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর আমির জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান। এ ছাড়া সমাবেশে মাওলানা আব্দুস সবুর, আইনজীবী আবু তালেব, আব্দুর রহিম, মাওলানা আমিনুর রহমান ও জিয়াউর রহমানসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ শিক্ষক এস এম শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার ম-ল, জ্যেষ্ঠ শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ ও দেবব্রত ঘোষ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় শাহারিয়া খাতুন ও আয়ুশী মল্লিক। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক মো. নজিবুল ইসলাম।
দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।
আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ ও শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ১১দলীয় ঐক্যজোট পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান এবং আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
অন্যদিকে, ১১দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিকেল পাঁচটায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় ইসলামী ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমানসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

কলারোয়া: কলারোয়ায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন ও দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ কামরুজ্জামান এবং পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা জামায়াত শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল: বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা আকবর হুসাইন, রঞ্জন কুমার ঘোষ, এ জলিল এবং শফিউল আজম।

বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় শিক্ষকেরা বলেন, সাধারণ পরিবারের সন্তান আবু সাঈদের জীবনের বিনিময়ে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সভায় সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর সিদ্দিক, আনারুল ইসলাম এবং তজিবুর রহমানসহ শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

শ্যামনগর: শ্যামনগরে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন, আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির এবং জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।








