কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি মাছের ঘেরের সামনে থেকে সঞ্জিব সরকার (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর চারটার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে সঞ্জিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঞ্জিব ও তাঁর বাবা গোপাল চন্দ্র সরকার নিজেদের মাছের ঘেরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে সঞ্জিব আর বাড়ি ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর চারটার দিকে সঞ্জিবের নিজস্ব ঘেরের বাসার সামনে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, “এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জমিজমা নিয়ে শরিকদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা প্রায়ই সঞ্জিবকে মারধর ও খুন-জখমের হুমকি দিত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।##











