বুধবার, ১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আশাশুনির মহিষকুড় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের একবছরেও বরাদ্ধ দেয়া হয়নি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
আশাশুনির মহিষকুড় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের একবছরেও বরাদ্ধ দেয়া হয়নি

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় আশ্রয়ণ প্রকল্পের অধিনে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৮ টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে গত এক বছরের বেশি সময়।

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি নানা সমস্যার কারনে নির্মাণ করা ওই ঘরগুলো আজও ভুমিহীন বা বাস্তহারা পরিবারদের নিকট হস্তান্তর করা সম্ভব হয়নি।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে দ্রুত প্রকৃত অসহায় ও ভুমিহীনদের মাঝে ওই ঘর বরাদ্ধ দেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসকনকে নির্দেশ দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশাশুনি ঘোলা সড়কের মহিষগুড় নামক এলাকায় সরকারের ক্রয় সুত্রে প্রাপ্ত মহিষকুড় মৌজার ৫৫ শতক জমির ওপর আশ্রয়ণ প্রকল্পের অধিনে নির্মাণ করা হয় ১৮টি ঘর। তিন কক্ষ ও একটি পায়খানাঘরসহ প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ওই হিসাব অনুযায়ী ১৮ টি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ৪৬ লাখ ৭১ হাজার টাকা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও ঘরগুলো ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়নি।

সরেজমিনে গেলে মহিষকুড় গ্রামের স্থানীয়বাসিন্দা ও ভুমিহীন নারী সামছুন্নাহার (৫৫) জানান, আড়াই শতক খাস জমির উপর কোনো রকম বসবাস করেন। ১০ বছর আগে তার স্বামী মোহাম্মাদ আলী মারা যায়। তিনটি মেয়ে ছাড়া তার কোনো ছেলে সন্তান নেই। অনেক কষ্টের মধ্যে দিনকাটছে তার। প্রকৃত ভুমিহীন হওয়ার পরও তাকে ঘর দেয়া হয়নি বা ঘরের তালিকায় তার নাম রাখা হয়নি।

একই ধরনের বর্নণা দিলেন ওই গ্রামের হতদরিত্র গৃহবধু হালিমা খাতুন ও আছমা খাতুন। তারা বলেন, গ্রামের সবচেয়ে নিঃশ্ব ও অসহায় হয়েও আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি। ঘর দেয়ার জন্য পুর্বে যে তালিকা করা হয়েছে তাতেও তাদের নাম রাখা হয়নি। কাদের জন্য ওই ঘর নির্মাণ করা হয়েছে তা নিয়েও শঙ্কা রয়েছে বলে জানান তারা।

স্থানীয় শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় জানান, মহিষকুড় গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অধিনে ১৮ টি ঘর নির্মাণ করা হলেও সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। ইতমধ্যে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় পায়খানা ঘরের স্লাপগুলো ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। ঘরগুলোর তিন পাশে নোনা ঘেরের জল থৈ থৈ করছে। এছাড়া শুরুতে ঘর বরাদ্ধের যে তালিকা করা হয়েছে তাতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রকৃত ভুমিহীন বা বাস্তাহারা মানুষের জন্য এই ঘর বরাদ্ধের নিয়ম থাকলেও প্রথম পর্যায়ে যে তালিকা প্রণয়ন করা হয় তাতে স্বচ্ছল বা সম্পদশালী পরিবারের নাম রয়েছে।

 

ফলে এসব অনিয়ম ও সমস্যার কারনে বিতর্ক সৃষ্টি হওয়ায় আজ ওই ঘর বরাদ্ধ দেয়া হয়নি বলে জানান তিনি। দিপংকর বাছাড় আরো জানান, দ্রুত ওই ঘরগুলো প্রকৃত ভুমিহীনদের তালিকা করে বরাদ্ধের দেয়া হোক।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড জানান, পুর্বের তালিকা বাদ দিয়ে জেলা প্রশাসকের নির্দেশক্রমে নতুন তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই প্রকৃত নিঃশ্ব ও গৃহহীন পরিবারদের মাঝে এই ঘর বিতরণ করা হবে। তবে পুর্বে কারা কি ভাবে অনিয়মের মাধ্যমে তালিকা তৈরী করেছিলো সে বিষয় তার জানা নেই বলে জানান।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ জানান, দ্রুত প্রকৃত অসহায় ও ভুমিহীনদের মাঝে ওই বরাদ্ধ দেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসকনকে নির্দেশ দেয়া হয়েছে। শুধু আশাশুনির মহিষকুড় নয় জেলার অন্যান্য উপজেলাতেও আশ্রয় প্রকল্পের অধিনে নির্মাণ করা ঘর বরাদ্ধ বা সমস্যা থাকলে দ্রুত সমাধান করা হবে। তিনি আরো জানান, সরকারের নির্মাণ করা এসব ঘর জেলার প্রকৃত ভুমিহীনদের মাঝেই বরাদ্ধ নিশ্চিত করা হবে। এছাড়া মহিষকুড়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও করবেন বলেও জানান।

 

 

Ads small one

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা-এর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।

বুধবার (১ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জনতা ব্যাংকের কর্মকর্তারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জনতা ব্যাংকের কর্মকর্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে জনতা ব্যাংক পিএলসির ভূমিকা তুলে ধরেন। জবাবে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জেলার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জেলার সার্বিক কল্যাণে সবসময় জনগণের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এরিয়া প্রধান (ডিজিএম) রোকনুজ্জামান, এজিএম রবিউল ইসলাম, এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোহাম্মদ নাহিদ পারভেজ, সাতক্ষীরা কর্পোরেট শাখার এসপিও শেখ মহিবুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার বাবলু ভঞ্জ চৌধুরী, সিনিয়র অফিসার আজিজুর রহমান, ব্যাংক ব্যবস্থাপক শাহিনুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।

 

 

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদের প্রশাসককে স্মারকলিপি দিল নাগরিক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদের প্রশাসককে স্মারকলিপি দিল নাগরিক কমিটি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং শহরের জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় এবং স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
বুধবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের বরাবর ২১ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, হেনরী সরদার, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান এবং বাইজিদ হোসেন।

স্মারকলিপিতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এবং এর ভৌগোলিক ঝুঁকি দূর করতে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগেই যেন উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির প্রধান দাবিগুলো হলো: সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা এবং টেকসই উন্নয়নের জন্য “সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়” গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ (বর্তমান সেশন) থেকেই দ্রুত চালু করা।

সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করা। এছাড়া শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সাথে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-চুকনগর-সাতক্ষীরা পর্যন্ত সড়ক নির্মাণ করা।

নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): ডাঙ্গার পলিথিন ও প্লাস্টিক বিভিন্নভাবে মাটি, নদী, সুন্দরবন ও সমুদ্রের বাস্তুতন্ত্রে মিশে যাচ্ছে। পরবর্তীতে জলজ প্রাণীর মাধ্যমে এবং খাদ্যশৃঙ্খল ঘুরে তা আবার বিষাক্ত রূপ নিয়ে মানুষের খাবারের পাতে ফিরে আসছে।

পলিথিন ও অপচনশীল প্লাস্টিক মাটিতে মিশে উর্বরতা নষ্ট করে। এছাড়া নালা-ড্রেন বেয়ে এগুলো খাল, নদী ও সমুদ্রে গিয়ে জমা হয়। নদী বা সমুদ্রের মাছ এবং জলজ প্রাণী এই প্লাস্টিককে খাবার মনে করে খেয়ে ফেলে। ফলে তাদের পেটে প্লাস্টিক জমা হয়। প্লাস্টিকজাত দ্রব্য কখনো পুরোপুরি নিঃশেষ হয় না, বরং ক্ষুদ্র কণার সৃষ্টি করে। এই বিষাক্ত কণা মাছ ও অন্যান্য প্রাণীর মাধ্যমে মানুষের খাদ্যতালিকায় ঢুকে পড়ছে।মানবদেহের ওপর প্রভাবপ্লাস্টিক মিশ্রিত খাবার গ্রহণের ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, মস্তিষ্কের গঠন বাধাগ্রস্ত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

ডাঙ্গায় ফেলে দেওয়া পলিথিন ও প্লাস্টিক বর্জ্য শেষ পর্যন্ত অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক কণা হিসেবে আমাদের খাদ্যচক্রে মিশে পুনরায় মানুষের ভাতের পাতেই ফিরে আসছে। রাস্তাঘাট, ড্রেন বা জলাশয়ে ফেলা প্লাস্টিক রোদ, বৃষ্টি ও তরঙ্গের আঘাতে ভেঙে ৫ মিলিমিটারের চেয়েও ছোট কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এই বিষাক্ত কণাগুলো মাটি ও পানির সাথে মিশে নদী-নালার দেশীয় মাছ, সামুদ্রিক মাছ এবং গবাদি পশুর শরীরে প্রবেশ করছে। পরবর্তীতে সেই মাছ বা মাংস খাওয়ার মাধ্যমে প্লাস্টিক সরাসরি মানুষের শরীরে চলে আসছে, যা ক্যানসার এবং কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

প্রতিদিন উৎপাদিত টন টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যত্রতত্র ফেলার কারণে তা নদী ও সাগরে গিয়ে মিশছে। অপচনশীল এই প্লাস্টিকগুলো রোদ ও পানির সংস্পর্শে এসে ধীরে ধীরে ছোট ছোট টুকরোয় পরিণত হয়। ছোট মাছ বা জু-প্লাঙ্কটন ভুলবশত এই প্লাস্টিক কণাকে খাবার মনে করে খেয়ে ফেলে। ছোট মাছকে যখন বড় মাছ খায়, তখন প্লাস্টিকের ঘনত্ব আরও বাড়ে। খাবার পাতে প্রত্যাবর্তন হচ্ছে মাইক্রোপ্লাস্টিক কণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা অনুযায়ী, রুই, তেলাপিয়া, টেংরাসহ প্রায় ১৫ প্রজাতির দেশীয় মাছের অন্ত্র ও মাংসে এই প্লাস্টিকের উপস্থিতি মিলেছে, যা আমরা প্রতিনিয়ত খাচ্ছি।

প্লাস্টিক কণাগুলো শরীরে ভারী ধাতু ও বিষাক্ত রাসায়নিক বহন করে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানিতেও বিপজ্জনক মাত্রায় এই কণা শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক গবেষণায় মানব মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে, যা আলঝেইমার্স ও স্মৃতিশক্তি হ্রাসের মতো স্নায়বিক রোগের ঝুঁকি বাড়াতে পারে। এটি দীর্ঘস্থায়ী প্রদাহ, কোষের ক্ষতি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং ক্যান্সার ও হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিবেশকর্মী, বন বিভাগ, রুপন্তরসহ এনজিওগুলো ও পর্যটন সংশ্লিষ্ট সবাই প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে নানা কার্যকরী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সরকারের জিরো টলারেন্স নীতির অধীনে সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণ করা হয়েছে। সুন্দরবন রক্ষায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ বা সচেতনতামূলক প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার মানসিকতা তৈরি করা হচ্ছে।