বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫২ বিশ্ববিদ্যালয়, শীর্ষে ঢাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫২ বিশ্ববিদ্যালয়, শীর্ষে ঢাবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭-এ বাংলাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে গত বছরের তুলনায় এশিয়ার র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১৩৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এ তালিকা প্রকাশ করে। এতে ২৬টি উচ্চশিক্ষা ব্যবস্থার ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এশিয়ায় ১৪৯তম অবস্থানে থেকে গত বছরের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৪ ধাপ পিছিয়ে ১৭৯তম অবস্থানে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

এবারের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ২০১৭ সালে এ তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র দুটি।

কিউএসের তথ্য অনুযায়ী, এবারের তালিকায় বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে, সাতটি বিশ্ববিদ্যালয় আগের অবস্থান ধরে রেখেছে এবং ২৭টি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের অবনতি হয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ছয়টি বিশ্ববিদ্যালয়। তবে এশিয়ার শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ১৬টি থেকে কমে ১৪টিতে দাঁড়িয়েছে।

র‍্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাঁচ ধাপ এগিয়ে ২১৬তম অবস্থানে রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি ১১ ধাপ পিছিয়ে ২৭১তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৫ ধাপ পিছিয়ে ৩২৯তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৭ ধাপ পিছিয়ে ৩৪৯তম অবস্থানে রয়েছে।

অন্যদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ৪৪ ধাপ এগিয়ে ৩৭০তম অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮তম অবস্থান ধরে রেখেছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। প্রতিষ্ঠানটির অবস্থান ৪০৭তম।

কিউএসের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাপত্রপ্রতি উদ্ধৃতি (সাইটেশন পার পেপার) সূচকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান তুলনামূলক ভালো। এ সূচকে এশিয়ার শীর্ষ ১০-এর মধ্যে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে। শীর্ষ ১০০-এর মধ্যে রয়েছে ১০টি বিশ্ববিদ্যালয়। এ সূচকে গড় স্কোরের ভিত্তিতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।

তবে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক শিক্ষক এবং শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। এসব সূচকের কোনোটিতেই এশিয়ার শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হংকংয়ের হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়।

Ads small one

জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা, সাতক্ষীরায় শহীদুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা, সাতক্ষীরায় শহীদুল ইসলাম

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহীদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটে এসব আমির নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নিজ নিজ জেলা ও মহানগর শাখার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি সাংগঠনিক জেলার মধ্যে সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান আমির নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুলসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নহিমন বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নহিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনছান আলীর স্ত্রী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পরিবহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ নারী আটক, পালিয়েছে আরেকজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ নারী আটক, পালিয়েছে আরেকজন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ হালিমা (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীরামপুর পশ্চিমপাড়ার রবিউল গাজীর বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে হালিমাকে আটক করা সম্ভব হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান। পরে হালিমার কাছ থেকে ৩০ বোতল ফেয়ারহাইল কফ লিনকটাস (ফেন্সিডিল) জব্দ করা হয়।

আটক হালিমা একই এলাকার রবিউল গাজীর স্ত্রী। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।