পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আজ ১২ নভেম্বর উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হচ্ছে উপকূল দিবস। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে দিনটিকে উপকূল দিবস হিসেবে পালনের দাবি দীর্ঘদিনের। উপকূলের মানুষ আজও ভয়াবহ সেই দিনের স্মৃতি বহন করছেন। ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া অনেক মানুষ এখনো জীবিত আছেন। তাঁদের কেউ তখন শিশু, কেউবা তরুণ ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়লেও সেই দিনের স্মৃতি তাঁদের মনে এখনো গভীর ক্ষত হয়ে আছে।
১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলে উপকূলীয় অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি তুলে ধরতে একটি বিশেষ দিবস থাকা জরুরি। উপকূলের সম্ভাবনা বিকাশ এবং বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার ও উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। স্বাভাবিক সময়েও উপকূলের মানুষের জীবন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে, সে খবর অনেকেরই অজানা।
উপকূল দিবস সবার। এ দিবস পালনের মাধ্যমে বছরে অন্তত একটি দিন উপকূলের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সম্মিলিতভাবে কথা বলার সুযোগ তৈরি হবে। উপকূল দিবস ও উপকূল সাংবাদিকতা একই সূত্রে গাঁথা। সবার সম্মিলিত উদ্যোগে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে এবং এর লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হতে পারে।
১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টি ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। ওই ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে বিপুল প্রাণহানি ঘটে। বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা ১০ লাখ পর্যন্ত বলা হলেও সরকারি হিসাবে এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ। ঘূর্ণিঝড়ের ১৪ দিন পর উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সে সময় তিনি মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ দেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।
ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয় ৭ নভেম্বর এবং ১৩ নভেম্বর এটি বিলুপ্ত হয়। ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। তখন ছিল পবিত্র রমজান মাস। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমদ্দিন, মনপুরা, দৌলতখান, চরফ্যাশন, কুকরি-মুকরি, হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, চর জব্বার, বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকা। ভোলার তজুমদ্দিনে প্রায় ৪৬ শতাংশ মানুষের প্রাণহানি ঘটে। ওই এলাকার এক লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে জীবিত ছিলেন মাত্র ৭৭ হাজার।
ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (তিন মিনিটের গড়) এবং ২০৫ কিলোমিটার (এক মিনিটের গড়)। জাতিসংঘের বিভিন্ন তথ্যে ১৯৭০ সালের এই ঘূর্ণিঝড়কে প্রাণহানির দিক থেকে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের ১৭টি আসনে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পিছিয়ে ১৭ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বাড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে ত্রাণের অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান আবহাওয়া দপ্তর যথাযথভাবে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত দিতে পারেনি বলেও অভিযোগ ওঠে। ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পর পাকিস্তান সরকার ত্রাণ কার্যক্রমে ব্যর্থতার কথা স্বীকার করে। এ ঘটনায় তৎকালীন শাসকগোষ্ঠীর প্রতি পূর্ব বাংলার মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়, যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখে।
২০১৭ সাল থেকে ১২ নভেম্বর ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রস্তাবিত এ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। তাঁদের মতে, বাংলাদেশের উপকূল এখনো নানা ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো সংকট মোকাবিলায় এখনো প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতি রয়েছে। তাই উপকূলের মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি।