বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আজ ১২ নভেম্বর উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হচ্ছে উপকূল দিবস। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে দিনটিকে উপকূল দিবস হিসেবে পালনের দাবি দীর্ঘদিনের। উপকূলের মানুষ আজও ভয়াবহ সেই দিনের স্মৃতি বহন করছেন। ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া অনেক মানুষ এখনো জীবিত আছেন। তাঁদের কেউ তখন শিশু, কেউবা তরুণ ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়লেও সেই দিনের স্মৃতি তাঁদের মনে এখনো গভীর ক্ষত হয়ে আছে।

১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলে উপকূলীয় অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি তুলে ধরতে একটি বিশেষ দিবস থাকা জরুরি। উপকূলের সম্ভাবনা বিকাশ এবং বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার ও উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। স্বাভাবিক সময়েও উপকূলের মানুষের জীবন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে, সে খবর অনেকেরই অজানা।

উপকূল দিবস সবার। এ দিবস পালনের মাধ্যমে বছরে অন্তত একটি দিন উপকূলের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সম্মিলিতভাবে কথা বলার সুযোগ তৈরি হবে। উপকূল দিবস ও উপকূল সাংবাদিকতা একই সূত্রে গাঁথা। সবার সম্মিলিত উদ্যোগে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে এবং এর লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হতে পারে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টি ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। ওই ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে বিপুল প্রাণহানি ঘটে। বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা ১০ লাখ পর্যন্ত বলা হলেও সরকারি হিসাবে এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ। ঘূর্ণিঝড়ের ১৪ দিন পর উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সে সময় তিনি মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ দেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।

ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয় ৭ নভেম্বর এবং ১৩ নভেম্বর এটি বিলুপ্ত হয়। ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। তখন ছিল পবিত্র রমজান মাস। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমদ্দিন, মনপুরা, দৌলতখান, চরফ্যাশন, কুকরি-মুকরি, হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, চর জব্বার, বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকা। ভোলার তজুমদ্দিনে প্রায় ৪৬ শতাংশ মানুষের প্রাণহানি ঘটে। ওই এলাকার এক লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে জীবিত ছিলেন মাত্র ৭৭ হাজার।

ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (তিন মিনিটের গড়) এবং ২০৫ কিলোমিটার (এক মিনিটের গড়)। জাতিসংঘের বিভিন্ন তথ্যে ১৯৭০ সালের এই ঘূর্ণিঝড়কে প্রাণহানির দিক থেকে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের ১৭টি আসনে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পিছিয়ে ১৭ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বাড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে ত্রাণের অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান আবহাওয়া দপ্তর যথাযথভাবে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত দিতে পারেনি বলেও অভিযোগ ওঠে। ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পর পাকিস্তান সরকার ত্রাণ কার্যক্রমে ব্যর্থতার কথা স্বীকার করে। এ ঘটনায় তৎকালীন শাসকগোষ্ঠীর প্রতি পূর্ব বাংলার মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়, যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখে।

২০১৭ সাল থেকে ১২ নভেম্বর ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রস্তাবিত এ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। তাঁদের মতে, বাংলাদেশের উপকূল এখনো নানা ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো সংকট মোকাবিলায় এখনো প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতি রয়েছে। তাই উপকূলের মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি।

Ads small one

দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় আবহাওয়ার বৈপরীত্যে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দিনের বেলায় তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হালকা শীতের অনুভূতি—আবহাওয়ার এমন পরিবর্তনে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় রোদের তীব্রতায় বাইরে চলাচল করা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে দুপুরে গরমের অনুভূতি বেশি থাকছে। অন্যদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। দিনে গরম ও রাতে ঠান্ডার এমন পরিস্থিতিতে অনেকেই মৌসুমি অসুস্থতায় ভুগছেন।

স্থানীয়দের দাবি, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকের সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ থাকায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ডেঙ্গু আতঙ্কও দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে অনেকে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করাচ্ছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের চাপ বাড়ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। পাশাপাশি দিনমজুর, ভ্যানচালক ও বাইরে কাজ করা মানুষকে দিনের তীব্র রোদে বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে। ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় হালকা কাঁথা গায়ে দিতে হয়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। এতে অনেকে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন। এ ছাড়া এ সময়ে বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও দেখা যায়। তাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

চিকিৎসকদের মতে, আবহাওয়ার পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।

এদিকে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরির কারিগরদের মধ্যেও ব্যস্ততা বাড়তে শুরু করেছে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ দিনের গরম ও রাতের শীতল আবহাওয়ার এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করছেন।

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর অস্ত্রোপচার সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর অস্ত্রোপচার সম্পন্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে ভারতের বেঙ্গালুরুর সেন্ট জনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাম কিডনির অস্ত্রোপচার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সুস্থ আছেন।

এদিকে সমীরণ সাধুর দ্রুত আরোগ্য কামনায় পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব নিউমোনিয়া দিবস: সচেতনতা, প্রতিরোধ ও সমন্বিত উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিশ্ব নিউমোনিয়া দিবস: সচেতনতা, প্রতিরোধ ও সমন্বিত উদ্যোগ

সাকিবুর রহমান বাবলা

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। অথচ এই ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে প্রতিবছর বিশ্বজুড়ে অসংখ্য মানুষের জীবন বিপন্ন করছে নিউমোনিয়া। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য রোগটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিউমোনিয়ার প্রকোপ এবং মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ রোগ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিবছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। ২০২৬ সালে দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। এর মাধ্যমে আধুনিক টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসার অগ্রগতি বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

নিউমোনিয়া মূলত ফুসফুসের একটি সংক্রামক প্রদাহজনিত রোগ। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। সংক্রমণের ফলে ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই তরল পদার্থ কিংবা পুঁজে পূর্ণ হয়ে যায়। এতে অক্সিজেন গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তীব্র কাশি, জ্বর, কাঁপুনি, বুকে ব্যথা, দুর্বলতা ও দ্রুত শ্বাস নেওয়া এ রোগের সাধারণ লক্ষণ। শিশুদের ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া, খেতে না চাওয়া ও অস্বাভাবিক নিস্তেজতা বিপদের সংকেত। অন্যদিকে প্রবীণদের ক্ষেত্রে কখনো জ্বর বা কাশি তেমন প্রকট না হলেও হঠাৎ বিভ্রান্তি দেখা দিতে পারে। শ্বাসকষ্ট, ঠোঁট বা জিহ্বা নীলচে হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক নিস্তেজতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

২০০৯ সালের ১২ নভেম্বর প্রথম বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়। গ্লোবাল কোয়ালিশন এগেইনস্ট চাইল্ড নিউমোনিয়া এবং স্টপ নিউমোনিয়া ইনিশিয়েটিভের উদ্যোগে শতাধিক আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে দিবসটির সূচনা হয়। সে সময় নিউমোনিয়ায় শিশুমৃত্যুর ভয়াবহতা আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পাচ্ছিল না। এইডস, ম্যালেরিয়া ও হামের মতো আলোচিত রোগগুলোর তুলনায় নিউমোনিয়ায় বিপুলসংখ্যক শিশুর মৃত্যু বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। ফলে রোগটিকে শিশুদের ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করা হয়। নিউমোনিয়ার ভয়াবহতা তুলে ধরা, শিশুদের জীবন রক্ষা এবং নিউমোকোক্কাল টিকাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যেই দিবসটির যাত্রা শুরু।

অপুষ্টি, দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা, ধূমপান, ঘরের ভেতরে রান্নার ধোঁয়া, বায়ুদূষণ এবং ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি ও কোভিড-১৯-এর মতো জীবাণু নিউমোনিয়ার অন্যতম কারণ। রোগটি পৃথিবীর কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। তবে ভারত, চীন, পাকিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ অধিক জনবসতিপূর্ণ এবং স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা দেশগুলোতে এর প্রাদুর্ভাব ও ক্ষতির পরিমাণ বেশি। অন্যদিকে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উন্নত টিকাদান, পুষ্টি ও চিকিৎসাব্যবস্থার কারণে মৃত্যুঝুঁকি তুলনামূলক কম।

নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর। নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন নিউমোকোক্কাল ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের পাশাপাশি বয়স ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রাপ্তবয়স্কদেরও চিকিৎসকের পরামর্শে এ টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে। নিউমোকোক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন, হিব টিকা, ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ টিকাও নির্দিষ্ট জনগোষ্ঠীর সুরক্ষায় ভূমিকা রাখে। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের বিনামূল্যে পিসিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, পুষ্টিকর খাবার নিশ্চিত করা, ধোঁয়া ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত হাত পরিষ্কারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

রোগের ধরন ও তীব্রতা অনুযায়ী নিউমোনিয়ার চিকিৎসা নির্ধারণ করা হয়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে চিকিৎসকের পরামর্শে অ্যামোক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন বা প্রয়োজন অনুযায়ী অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতে পারে। ভাইরাসজনিত সংক্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে অ্যান্টিভাইরাল ওষুধ এবং ছত্রাকজনিত সংক্রমণে উপযুক্ত অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হয়। জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার এবং গুরুতর অবস্থায় অক্সিজেন ও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হতে পারে। অ্যান্টিবায়োটিক সব ধরনের নিউমোনিয়ায় কার্যকর নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন কিংবা নির্ধারিত চিকিৎসা অসম্পূর্ণ রাখা উচিত নয়।

নিউমোনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বে প্রতিবছর নিউমোনিয়ায় পাঁচ বছরের কম বয়সী সাত লাখ ২৫ হাজারেরও বেশি শিশুসহ প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে প্রায় এক লাখ ৯০ হাজার নবজাতক এবং উল্লেখযোগ্যসংখ্যক প্রবীণ রয়েছেন। এ প্রাণঘাতী রোগের প্রকোপ কমাতে সংস্থা দুটির যৌথ উদ্যোগে ২০৩০ সালের মধ্যে প্রতি এক হাজার জীবিত জন্মে নিউমোনিয়াজনিত শিশুমৃত্যুর হার তিনের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ, কার্যকর অ্যান্টিবায়োটিক চিকিৎসা, অক্সিজেনসেবা এবং পিসিভি ও হিব টিকার সহজলভ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সরকারও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সমন্বিত শিশু রোগ ব্যবস্থাপনা, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসাসেবা সম্প্রসারণ করছে। টিকাদান কর্মসূচির আধুনিকায়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন উন্নত চিকিৎসাকেন্দ্রে ফুসফুসের রোগ নিয়ে গবেষণা, আধুনিক রোগ নির্ণয় এবং নিবিড় চিকিৎসার সুযোগ রয়েছে। তবে নিউমোনিয়া একাধিক ধরনের জীবাণুর সংক্রমণে হতে পারে বলে একে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। বরং প্রতিরোধ, রোগের প্রকোপ হ্রাস এবং মৃত্যুঝুঁকি কমানোই বাস্তবসম্মত লক্ষ্য।

বিশ্ব নিউমোনিয়া দিবসের মূল বার্তা হলো—সচেতনতা, সময়মতো টিকাদান, পুষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সহজলভ্য মানসম্মত চিকিৎসাই পারে এ রোগের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা গড়ে তুলতে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সরকার, স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক, গণমাধ্যম, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে নিউমোনিয়াজনিত অকালমৃত্যু কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে।