আশাশুনিতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা থানাঘাটা মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), বড়দল গ্রামের মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২), এবং প্রতাপনগরের মৃত মাজেদ হাওলাদারের ছেরে মো. মাকসুদুল রহমান (৪৫)।
এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেরে এস এম শাফিয়ার রহমান; নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০), এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জ্যোতিষ কুমার মণ্ডল।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।












