কেন্দ্রীয় পরিষদে সাতক্ষীরা শহর শিবিরের মেহেদী হাসান
সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে প্রথম পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাতক্ষীরা শহর শাখার বর্তমান সভাপতি মেহেদী হাসান। সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া ও নিয়মতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে তিনি এই দায়িত্ব লাভ করেন।
মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি শূন্য পদ পূরণের লক্ষ্যে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মেধা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতা বিবেচনায় মেহেদী হাসানকে পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা শহর শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা ও শহর শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।





