কেশবপুরে পূর্বশত্রুতার জেরে দম্পতিকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা আশ্রয়ণ কেন্দ্রের এক দম্পতিকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রিয়াদ হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মঙ্গলবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রিয়াদ হোসেন তাঁর স্ত্রী তাহমিনাকে নিয়ে মঙ্গলকোট বাজারে যাচ্ছিলেন। পথে পালবাড়ি নামক স্থানে পৌঁছালে বসুন্দিয়া গ্রামের সজীব (২৫), আমজাদ (৬০) ও সাইফুল সরদার (৪৮) তাঁদের গতি রোধ করে। এ সময় তাঁদের মারধর করে পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই অভিযুক্তরা স্থান ত্যাগ করে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমজাদ সরদার জানান, রিয়াদের সঙ্গে তাঁর নাতি সজীবের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। মারপিট বা টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





