কেশবপুরে দিনদুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ, এলাকায় চাঞ্চল্য
কেশবপুর (পৌর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে কেশবপুর বাজারের ত্রিমোহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরিকুল ইসলাম (৩৫) পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যকুল আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে, সে পেশায় একজন মুদি ব্যবসায়ী। কেশবপুর বাজারের স্বর্ণপট্টিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। কেশবপুর থানার অভিযোগ অনুযায়ী, বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাকা রাস্তায় আসার পর অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি জোরপূর্বক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে অপহৃত তরিকুল ইসলাম তার নিজ মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীদের কাউকেই সে চিনতে পারছে না। অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে না পেরে প্রায় ৩ মিনিট কথা বলার পর তার ফোন বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে কেশবপুর থানার (তদন্ত) ওসি (বর্তমান ভারপ্রাপ্ত ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।






