কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল: ৬ জন গ্রেপ্তার
এম এ রহমান, কেশবপুর( যশোর): যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে এ ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য মৃত মকসেদ সরদারের ছেলে ছলেমান সরদার (৪৫)।
কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে দুটি স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








