মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কেশবপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কেশবপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও মারধরের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে প্রায় ১১ মাস আগে সংঘটিত তোতা সরদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত ফারুক হোসেন, আব্দুস সালাম ও বিল্লাল হোসেনের পক্ষ থেকে বাদীপক্ষকে নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছিল। গত ৭ অক্টোবর এই মামলাকে কেন্দ্র করে তোতা সরদারের মেয়ে ও মামলার বাদী আসমা খাতুন এবং তাঁর চাচাতো বোন জেসমিন আক্তারকে মারধর করা হয়। এ ঘটনায় জেসমিন আক্তার বাদী হয়ে একই দিনে চিংড়া বাজার ক্যাম্প পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফারুক হোসেন দাবি করেন, তাঁরা কাউকে কোনো ধরনের হুমকি বা মারধর করেননি এবং এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

অন্যদিকে বাদীপক্ষের ক্ষোভ, হত্যা মামলার দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ বিষয়ে চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামীম হোসাইন জানান, মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads small one

সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন

জি এম আমিনুল হক

সাংবাদিকতার শুরু থেকেই প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে অভিভাবক হিসেবে পেয়েছি। তিনি আমার মতো অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর, পথপ্রদর্শক ও বাতিঘর। আজ ২৪ নভেম্বর প্রথিতযশা সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন। সাংবাদিকতা জগতের উজ্জ্বল এই নক্ষত্র বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৬৭ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার এক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মরহুম অ্যাডভোকেট নেয়ামত উদ্দীন ও মা জেলেখা বেগমের আট সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁর মধ্যে গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হয়ে ওঠে।

কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুল থেকে মাধ্যমিক, খুলনা আযম খান কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক, সাতক্ষীরা সরকারি কলেজ ও সিটি কলেজে স্নাতক, খুলনা বিএল কলেজে স্নাতকোত্তর এবং সাতক্ষীরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯০ সালে সাংবাদিকতা শুরু করেন আবুল কালাম আজাদ। কর্মজীবনে দৈনিক সাতক্ষীরা চিত্রের নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক টেলিগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দৈনিক পূর্বাঞ্চলে কাজ করার পর দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তাঁর সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য মানুষের সমস্যা, অধিকারবঞ্চনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা।

সাংবাদিক নেতৃত্বেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সাতক্ষীরার ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় ভূমিকা রেখেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক সাংবাদিক আজ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থেকেছেন তিনি। আশির দশকের মাঝামাঝি থেকে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও রাজপথে নেতৃত্ব দিয়েছেন।

সাতক্ষীরার ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম সংগঠক আবুল কালাম আজাদ দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচিব ছিলেন। ইসলামপুর চর আন্দোলন, খাসজমির অধিকার প্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসন, বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যার বিচার, দুর্নীতি, সন্ত্রাস ও চোরাকারবারিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাগরিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি, মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি। ভূমিহীন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে ১৯৮৮ সালের ৪ অক্টোবর থেকে প্রায় এক বছর কারাভোগ করেন।

বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব এবং সনাক-সাতক্ষীরার সভাপতি হিসেবেও স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছেন। এছাড়া কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন।

উপকূলীয় জনপদের জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন, নদী ও পরিবেশের সংকট এবং সুন্দরবন সংরক্ষণ নিয়েও দীর্ঘদিন ধরে সোচ্চার তিনি। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত সাতক্ষীরার মানুষের জীবনসংগ্রামের সঙ্গে তাঁর কর্মজীবন নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।

আমার কাছে তিনি শুধু একজন জ্যেষ্ঠ সাংবাদিক নন, প্রিয় অভিভাবক ও সাংবাদিকতার আদর্শ। তাঁর কাছ থেকে শিখেছি, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের পেশা নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বও সাংবাদিকতার অংশ। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত নিষ্ঠা ও নাগরিক আন্দোলনে সম্পৃক্ততা নতুন প্রজন্মের সাংবাদিক ও সমাজকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জন্মদিন একজন মানুষের কর্ম, আদর্শ ও সমাজে অবদানের মূল্যায়নেরও উপলক্ষ। অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিনে তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যাশা, তিনি সুস্বাস্থ্য ও প্রাণশক্তি নিয়ে আগামী দিনেও সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন। উপকূলের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই জ্যেষ্ঠ সাংবাদিকের কলম ও কণ্ঠস্বর সত্য, ন্যায়, মানবিকতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আরও দীর্ঘদিন প্রেরণা জোগাক।

শুভ জন্মদিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

লেখক: জি এম আমিনুল হক
নিজস্ব প্রতিনিধি, দৈনিক পত্রদূত
সভাপতি, বিডিএফ প্রেসক্লাব
২৪ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
কালীগঞ্জে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, আহত ২

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত গোলাম হোসেন (৩০) একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ট্যাংকের ভেতরে নেমে তিনি অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে ট্যাংকে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত। পরে মহানন্দ ও আরাফাত ঘটনাস্থলেই মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিয়ের সানাই থামিয়ে দিল ঘাতক ট্রাক: আর কত প্রাণ ঝরবে?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
বিয়ের সানাই থামিয়ে দিল ঘাতক ট্রাক: আর কত প্রাণ ঝরবে?

 আজহারুল ইসলাম সাদী

সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মর্মান্তিক মৃত্যু এবং মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনা কেবল একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; এটি দেশের ভঙ্গুর ও অনিরাপদ সড়কব্যবস্থার নির্মম প্রতিচ্ছবি। যে বাড়িতে বিয়ের সানাই বাজবে, নতুন বধূ বরণের আনন্দে মুখর থাকার কথা, সেই বাড়িতে এখন বইছে শোকের মাতম। এমন হৃদয়বিদারক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেশের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সাধারণ মানুষের জীবন কতটা অরক্ষিত।

গত ২৩ নভেম্বর দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় ট্রাকের চাপায় প্রাণ হারান আজিজ। গুরুতর আহত হন তাঁর স্ত্রী রোকেয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা মোটরসাইকেলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রোকেয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা কিংবা টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে স্বজন হারানোর আহাজারি। সাতক্ষীরার এ ঘটনাটি সাম্প্রতিক সময়ের অসংখ্য দুর্ঘটনার একটি খণ্ডচিত্র মাত্র। ঈদ, পূজা কিংবা পারিবারিক উৎসবে বাড়ি ফেরার পথে বা অনুষ্ঠানে যাওয়ার সময় সড়কে প্রাণ হারানোর ঘটনা উদ্বেগজনক। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, বরং একটি সাজানো পরিবারকে চিরতরে বিপর্যস্ত করে দেয়। কখনো কেড়ে নেয় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে, কখনো নিঃস্ব করে সন্তান ও স্বজনদের।

সড়কে এই লাগামহীন মৃত্যুর মিছিলের পেছনে রয়েছে বহুমুখী কারণ। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, চালকদের অদক্ষতা ও পর্যাপ্ত বিশ্রামের অভাব, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ না হওয়া অন্যতম। বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ভারী যানবাহন, যেমন ট্রাক ও বাসের বেপরোয়া চলাচল ছোট যানবাহন ও মোটরসাইকেল আরোহীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। অনেক ক্ষেত্রে চালকদের যথাযথ দক্ষতা ও লাইসেন্স যাচাই না করেই যানবাহন চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, যা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হলেও এর কঠোর বাস্তবায়ন এখনো পর্যাপ্ত নয়। দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন কিংবা সাময়িক কিছু পদক্ষেপ নেওয়া হলেও মূল সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নজরদারি ও জবাবদিহি প্রতিষ্ঠা করাও জরুরি।

এই মৃত্যুমিছিল থামাতে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রয়োগ এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আঞ্চলিক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় গতিরোধক, সতর্কসংকেত, সড়কের ত্রুটি সংস্কার এবং ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে ডিজিটাল নজরদারি জোরদার করতে হবে। চালকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় বিশ্রাম নিশ্চিত করার পাশাপাশি পথচারী, মোটরসাইকেল আরোহীসহ সব সড়ক ব্যবহারকারীর মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে হবে।

সাতক্ষীরার সেই হতভাগ্য পরিবারের মতো আর কোনো পরিবারের আনন্দ যেন সড়কের পিচঢালা পথে বিষাদে পরিণত না হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আর স্বজন হারানোর শোকবার্তা কিংবা মৃত্যুর পর দায়সারা তদন্ত চাই না; চাই কার্যকর প্রতিরোধ, আইনের প্রয়োগ ও জবাবদিহি। চাই এমন নিরাপদ সড়ক, যেখানে মানুষ যাত্রা শেষে নির্বিঘ্নে আপনজনের কাছে ফিরতে পারবে, যেখানে বিয়ের সানাই কোনো ঘাতক ট্রাকের শব্দে থেমে যাবে না।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।