বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।
বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।
বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।












