চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ঘটেছে ২ হাজার ৬৫১টি। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৯৩৮টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে খুনের ঘটনা কমেছে ২৮৭টি। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১২৫টি কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে খুনের ঘটনা কমেছে ২৮৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও ১২৫টি কমেছে। এ ছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনাও উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করেন তিনি।
দেশের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭ জনে নেমে এসেছে। এ ছাড়া বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। চলতি বছরের একই সময়ে নিহত হয়েছেন ১২ জন। অর্থাৎ সীমান্তে নিহতের সংখ্যা কমেছে ১০ জন।
তিনি আরও জানান, বিজিবির অস্ত্র উদ্ধারের সংখ্যা ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ৮১টি থাকলেও চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। গোলাবারুদ, ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক কারবারিদের তালিকা তৈরি করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মাদক, সন্ত্রাস, মানব পাচার, উগ্রবাদ, কিশোর গ্যাং ও মব সহিংসতা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার, সন্ত্রাসবিরোধী, জুয়া প্রতিরোধ এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধন করা হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে রাজনৈতিকভাবে তাদের ওপর জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতনের জন্য অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’