বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়।

Ads small one

রেউই বাজারে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
রেউই বাজারে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বিকেলে রেউই বাজারে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান। ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সম্পাদক ডা. ওসমান গনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবদুল ওহাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার নূরউদ্দিন, মাওলানা বিএম নুরুজ্জামান, মাওলানা ইসমাইল হোসেন ও ইউনিয়ন আমির এ টি এম নাজমুল হুদাসহ স্থানীয় নেতারা।

তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল

নব্বই দশকের শেষের দিকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তিন্নি। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ণ হলো তার মৃত্যুর দুই যুগ। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তার মরদেহ।

প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তার মৃত্যুর খবর।

তিন্নির যাত্রা

১৯৯৯ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু। এরপর একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেছিলেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া তার সামনে বড় পর্দায় কাজের সম্ভাবনাও তৈরি করেছিল।

তবে সেই ছবিতে আর অভিনয় করা হয়নি। হঠাৎ করেই থেমে যায় তিন্নির পথচলা।

নিখোঁজ তিন্নি

২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়।

তিন্নির চাচা রেজাউল করিম বিভিন্ন সময় গণমাধ্যমে জানান, বিচারের আশায় শুরুতে থানা, পুলিশ ও আদালতে ছুটেছেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বন্ধ থাকায় একসময় মামলার খোঁজখবরেও বিরতি পড়ে। পরে রায়ের তারিখ নির্ধারণের খবর পত্রিকায় পড়ে আবার আদালতে যান তিন্নির বাবা ও চাচা।

 

মামলা এবং অভি

তিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানা–পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই বিচার চলে। তার পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ বিরতিও ছিল।

রায় প্রকাশ

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়। ২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন সেই সময় গণমাধ্যমকে বলেন, তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল।

খালাসের রায়ে যা উঠে আসে

আদালত বলেছেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

ঘটনার রাতের অবস্থানও রায়ে গুরুত্ব পেয়েছে। গৃহকর্মীদের সাক্ষ্য অনুযায়ী, তিন্নিকে না পেয়ে অভি তার বাসায় রাত কাটান ও সকালে চলে যান। তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হকও জেরায় হত্যার কোনও প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে জানান। তিনি যে সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না; অভির সঙ্গে তার কথা বা দেখাও হয়নি।

আদালত উল্লেখ করেন, শাস্তি দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। কেবল পলাতক থাকার কারণে কাউকে দোষী ধরা যায় না।

খুলনায় বিজ্ঞান প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
খুলনায় বিজ্ঞান প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

সংবাদদাতা: তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার বিকাশ ও প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর বিভাগীয় পর্ব।

১২ নভেম্বর বেলা ২টায় আয়োজিত খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।