ধুলিহরে গাদন দাড়িয়া খেলায় বালিথা ও দহাকুলা যৌথ চ্যাম্পিয়ন
জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আট দলীয় ঐতিহ্যবাহী গাদন দাড়িয়া টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ইউপি সদস্য মো. লিয়াকাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহসান রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মফিজুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, স্বতন্ত্র প্রার্থী মো. শামীম রেজা চৌধুরী, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুল ইসলাম, সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি মো. রিপন হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আনারুল ইসলাম, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন মন্টুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বালিথা ও দহাকুলা গাদন দাড়িয়া যুব সংঘ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত (গাদনশূন্য) থাকায় বালিথার অধিনায়ক মো. সাগর হোসেন এবং দহাকুলার অধিনায়ক মো. শামীম হোসেনের সর্বসম্মত সিদ্ধান্তে দুই দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়। পরে উভয় দলকে আট হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোস্তাকিম হোসাইন ও মো. রবিউল ইসলাম। অতিথি ও আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের খেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।











