গরু দেওয়ার প্রলোভনে টাকা ও এনআইডি সংগ্রহ, প্রতারণার অভিযোগ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তর থেকে গরু দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গরু ও প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে মাছখোলা এলাকার হোসনে আরা বেগম নামে এক নারী কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গরু দেওয়ার কথা বলে কারও কাছ থেকে এক হাজার, আবার কারও কাছ থেকে ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়া হয়েছে। দু-একজনের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এলাকার সবিতা নামের এক নারী জানান, তাঁকে গরু দেওয়ার কথা বলে ঋণের কাগজপত্র তৈরি করার কথা বলা হয়। এ জন্য তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হলেও কোনো কাগজপত্র দেওয়া হয়নি। আহাদ আলীর স্ত্রীও একইভাবে ১ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে হোসনে আরা বেগম প্রথমে অস্বীকার করলেও পরে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, এসব টাকা প্রকাশ ও ইদ্রিস নামে দুই ব্যক্তির কাছে দিয়েছেন। তবে প্রকাশ মুঠোফোনে জানান, তিনি খুলনায় আছেন এবং নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।
এদিকে মাছখোলা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়ের এ ধরনের কোনো দায়িত্ব দেওয়ার কথা অস্বীকার করে বলেন, সরকার গরু দিচ্ছেÑএমন কোনো তথ্য তাঁর জানা নেই।
সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অধিদপ্তর থেকে গরু বা ছাগল বিতরণ করা হয় না। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে আগেও অভিযোগ পাওয়া গেছে এবং কয়েকজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, এনআইডি ও গোয়ালের তথ্য সংগ্রহ করে তাঁদের নামে ঋণ নেওয়ার চেষ্টাও করা হচ্ছে। এতে ভবিষ্যতে তাঁরা আর্থিক দায়ে পড়ার আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার তদন্ত ও প্রতিকার দাবি করেছেন তাঁরা।








