মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পাইকগাছায় ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের প্রতিনিধিদের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর পামেলা মেতশার, হেড অব সাউথ এশিয়া ফ্রাঙ্ক এ কে এবং এমডিএফ বাংলাদেশের কনসালট্যান্ট মাহবুবা কুমকুম।

সভায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কার্যক্রমের সাফল্য, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সভায় অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন, প্রকল্প ব্যবস্থাপক কাজী রবিউল আলম, ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজসহ ফোরামের নেতৃবৃন্দ ও অ্যাওসেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিরা অ্যাওসেডের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

Ads small one

আট কোটি টাকার ল্যাব তালাবদ্ধ, ঝুঁকিতে ৩০০ কোটি চিংড়ির রেণু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
আট কোটি টাকার ল্যাব তালাবদ্ধ, ঝুঁকিতে ৩০০ কোটি চিংড়ির রেণু

সংবাদদাতা: সাতক্ষীরায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত চিংড়ির রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাবরেটরি দুটি স্থাপনের দুই বছর পরও চালু হয়নি। প্রয়োজনীয় দক্ষ জনবল ও টেকনিশিয়ানের অভাবে এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে স্থাপিত আধুনিক এ পরীক্ষাগার দুটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ফলে ঘেরে পোনা ছাড়ার আগে ভাইরাস ও রোগজীবাণু পরীক্ষার সুযোগ পাচ্ছেন না চাষিরা। বাধ্য হয়ে বাজার থেকে পরীক্ষা ছাড়াই রেণু কিনে ঘেরে ছাড়ছেন তাঁরা। এতে রোগাক্রান্ত ও দুর্বল পোনার কারণে চিংড়ি মারা গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেক চাষি।
জেলা মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর এল্লারচরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। রোগমুক্ত ও মানসম্মত পোনা নিশ্চিত করা এবং চিংড়ি চাষের ঝুঁকি কমানো ছিল এ উদ্যোগের লক্ষ্য। তবে প্রশাসনিক জটিলতা ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় ল্যাব দুটি এখনো চালু করা যায়নি। আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণের বড় অংশ প্যাকেটবন্দি অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এসব সরঞ্জামের কার্যকারিতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
সাতক্ষীরায় প্রায় ৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি চাষ হয়। প্রতি মৌসুমে এসব ঘেরে ছাড়া হয় ৩০০ কোটিরও বেশি রেণু পোনা। চাষিদের অভিযোগ, পরীক্ষাগারের সুবিধা না থাকায় বাজার থেকে পোনা কেনার সময় সেগুলো ভাইরাসমুক্ত কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই। ফলে রোগাক্রান্ত পোনা ঘেরে ছাড়ার পর চিংড়ির মড়ক দেখা দিচ্ছে। দীর্ঘদিনের লোকসানে কেউ পুঁজি হারাচ্ছেন, কেউ ঋণগ্রস্ত হচ্ছেন। অনেকে চিংড়ি চাষ ছেড়ে সাদা মাছ কিংবা ধান চাষের দিকে ঝুঁকছেন।
সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ খামারে ২০২৪ সালে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক ল্যাব স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় সেগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ দীর্ঘদিন প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকায় তাঁরা উদ্বিগ্ন।
জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম জানান, ল্যাব পরিচালনার জন্য ল্যাব টেকনিশিয়ান, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, কম্পিউটার অপারেটর ও পিয়নসহ প্রয়োজনীয় পদে জনবল নিয়োগ দেওয়া হয়নি। জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। জনবল সংকটের কারণেই আধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত রয়েছে।
চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, চিংড়িশিল্পকে টিকিয়ে রাখতে রেণুর ভাইরাস পরীক্ষা নিশ্চিত করা জরুরি। মানসম্মত ও রোগমুক্ত পোনা না পেলে চাষিরা বারবার লোকসানের মুখে পড়বেন। দ্রুত ল্যাব দুটি চালু না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
চাষি ও ব্যবসায়ীদের দাবি, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ল্যাব দুটি চালু করতে হবে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং নিয়মিত রেণু পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, সরকারি বিপুল বিনিয়োগের সুফল পেতে এবং সাতক্ষীরার চিংড়িশিল্পের ঝুঁকি কমাতে পরীক্ষাগার দুটি দ্রুত কার্যকর করা জরুরি।

বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
বাঁশদহায় জামায়াতের নির্বাচনি বৈঠক

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদে জামায়াতের নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির এ টি এম নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল অদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. শাহনূর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল অদুদ ইসলামের বিজয় ও আদর্শ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথিরা দান, জাকাত ও নামাজের গুরুত্ব তুলে ধরেন। সভায় গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যু, শোক

তালা প্রতিনিধি: তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তালার বারুইহাটি গ্রামে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমান, সহসভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের নেতারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।