সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পিকার জানান, বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।

এর আগে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

Ads small one

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক। বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুতে ধাক্কা সামলে তাদের ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। ডানহাতি এই পেসার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।

তাফিউলের সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।

 

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

জন্মভূমি হাইতির টানে আর্জেন্টিনার জার্সি ছেড়ে দিলেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন কিকি রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার বদলে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতেই এই সিদ্ধান্ত ১৭ বছর বয়সী উইঙ্গারের।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর ছোটবেলাতেই তিনি আর্জেন্টিনায় চলে যান। দেশটির একটি পরিবার তাকে দত্তক নেয়। বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস ফুটবলের হাতেখড়ি পান ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে।

প্রতিভাবান এই উইঙ্গার এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। তবে এবার তিনি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ফেডারেশন লিখেছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে তার জন্ম। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন। ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি!’

গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত রামোসকে হাইতির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি। তবে এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তার।

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির হয়ে জাতীয় দলে খেলার পথে বাধা নেই রামোসের। কারণ, প্রীতি ম্যাচে কোনো খেলোয়াড়ের অংশগ্রহণ তাকে স্থায়ীভাবে একটি জাতীয় দলের সঙ্গে আবদ্ধ করে না। ফলে সিনিয়র পর্যায়েও হাইতির প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকছে তার।

পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পোস্তগোলা গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পল্লবী থানা পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় ফার্মগেট বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।