শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্প্রসারণের ফলে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়।

পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলে জানান তিনি

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আর আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণ দেশের প্রাথমিক পাইলট করিডোরের বাইরে আধুনিক রেল নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

তিনি বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ।

ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে।

রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।

এদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এছাড়া জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এ নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম পর্যন্ত এ সেবা সম্প্রসারিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এতে দ্রুত যোগাযোগ, রেলওয়ের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

Ads small one

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

পত্রদূত ডেস্ক: আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। এমনকি গুরুতর জটিলতায় অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো যায়।

দিবসটি উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নানা জটিলতা সৃষ্টি করতে পারে। তবে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে এ রোগ নিয়েও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, কর্মস্থল ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিস মোকাবিলায় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকা প্রশংসনীয়। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!

মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে সাহারা মরুভূমির বুকে চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য। মনে হবে, মরুভূমির মধ্যে যেন বিশাল একটি চোখ মেলে তাকিয়ে রয়েছে! পর পর সাজানো একাধিক নিখুঁত বৃত্তাকার বলয়। এই আশ্চর্য ভূপ্রাকৃতিক গঠনের নাম ‘আফ্রিকার চোখ’। কিন্তু প্রকৃতির এই বিশাল চোখ আসলে কী? কী ভাবেই বা তৈরি হল এমন অদ্ভুত নকশা?

পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়ার প্রত্যন্ত অঞ্চলে সাহারা মরুভূমির গভীরে রয়েছে এই বিস্ময়কর গঠন। ভূতত্ত্বের ভাষায় এর নাম ‘রিশাত স্ট্রাকচার’। প্রায় ৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত উপবৃত্তাকার এই অঞ্চলে একটির ভিতরে আরেকটি বৃত্তাকার বলয় তৈরি হয়েছে। মহাকাশ থেকে সেই বলয়গুলি এত স্পষ্ট দেখা যায় যে, প্রথম দর্শনে মনে হতে পারে, এটি কোনও মানুষের তৈরি বিশাল স্থাপনা।

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস-সেন্টিনেল ২ উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে এই গঠনের অসাধারণ দৃশ্য। শুধু উপগ্রহ থেকেই নয়, ২০২০ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এর ছবি তোলা হয়েছিল। মহাকাশ থেকে তোলা ছবিতে চোখের মতো দেখতে বলয়গুলির জন্যই এর নাম হয়েছে ‘আফ্রিকার চোখ’।

উল্কাপিণ্ডের আঘাত, না কি আগ্নেয়গিরি?

দীর্ঘ কয়েক দশক ধরে গবেষকেরা এই অদ্ভুত গঠন নিয়ে অনুসন্ধান চালিয়েছেন। প্রথম দিকে এমন গঠনের কারণ নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে এসেছিল। উল্কাপিণ্ডের আঘাত কিংবা বিশাল আগ্নেয়গিরির ধসে পড়ার মতো ঘটনাও এমন ভূপ্রাকৃতিক গঠন তৈরি করতে পারে বলে মনে করা হয়েছিল।

তবে নরওয়ের ভূতত্ত্ববিদ হাকন ফোসেনের ব্যাখ্যা অনুযায়ী, রিশাত স্ট্রাকচারের সৃষ্টি হয়েছিল ভূগর্ভের গভীর থেকে গলিত শিলা বা ম্যাগমা উপরের দিকে উঠে আসার ফলে। প্রবল চাপে ম্যাগমা উপরের শিলাস্তরগুলিকে ঠেলে গম্বুজের মতো উঁচু করে দেয়। ভূতত্ত্বের পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘ম্যাগমা ইনট্রুশন’।

কোটি কোটি বছরে তৈরি হয়েছে বলয়

তবে শুধু ম্যাগমার চাপে গম্বুজ তৈরি হলেই এমন বৃত্তাকার নকশা তৈরি হয় না। এর পিছনে রয়েছে দীর্ঘ ক্ষয়প্রক্রিয়া। গম্বুজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের শিলা ছিল। বাতাস, বৃষ্টি ও আবহাওয়ার প্রভাবে সেই শিলাস্তরগুলি ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। শক্ত শিলাগুলি তুলনায় উঁচু হয়ে থেকে যায়, আর নরম শিলাগুলি দ্রুত ক্ষয়ে যায়। কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলার ফলে তৈরি হয়েছে একের পর এক বৃত্তাকার বলয়।

গবেষকদের মতে, প্রায় ১০ কোটি বছর আগে এই ভূপ্রাকৃতিক গঠনের সৃষ্টি হয়েছিল। ১৯৫০-এর দশকে আকাশপথে তোলা ছবির মাধ্যমে প্রথম রিশাত স্ট্রাকচার নজরে আসে। তার পর থেকেই এটি ভূতত্ত্ববিদদের কাছে গবেষণার অন্যতম আকর্ষণ।

কোথায় রয়েছে এই বিস্ময়?

আফ্রিকার উত্তর-পশ্চিমে মৌরিতানিয়ার সাহারা মরুভূমির প্রত্যন্ত এলাকায় অবস্থিত রিশাত স্ট্রাকচার। চারপাশে বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ঘেরা এই অঞ্চল। লোকালয় থেকে অনেক দূরে হওয়ায় সেখানে পৌঁছনোও সহজ নয়। তবে মহাকাশ থেকে তোলা ছবিতে প্রকৃতির এই বিশাল চোখের যে দৃশ্য দেখা যায়, তা সত্যিই বিস্ময়কর।

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস এমন একটি রোগ, যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি অকেজো, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলতে হয়।

বিশেষজ্ঞদের মতে, এত বড় বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।

তিনি বলেন, আসুন, আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেওয়া তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।