বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
পত্রদূত ডেস্ক: আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। এমনকি গুরুতর জটিলতায় অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো যায়।
দিবসটি উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নানা জটিলতা সৃষ্টি করতে পারে। তবে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে এ রোগ নিয়েও সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, কর্মস্থল ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিস মোকাবিলায় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকা প্রশংসনীয়। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।









