শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ

বেঙ্গালুরুর সাফের পর আবারও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের মাঠে এখন ফাইনাল খেলার হাতছানি। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুই দলেই রয়েছে প্রবাসী ফুটবলার। তাই প্রতিপক্ষ নিয়ে বাড়তি সতর্ক স্বাগতিক দলের কোচ টমাস ডুলি।

এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের কথা উল্লেখ করে আজ অনুশীলনের ফাঁকে ডুলি বলেন, ‘আমি শুরু থেকেই বলছি, প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দারুণ ফল করেছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।’

পাকিস্তানের দলে ইউরোপে খেলা পাঁচ জন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কোচের প্রত্যাশা, আগের ম্যাচের লড়াকু মানসিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ।

ডুলি বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। আমরা সমর্থকদের জন্য খেলি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ম্যাচটি লড়াইয়ের হবে। তবে ফল নিজেদের পক্ষে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশ কোচকে। জবাবে নিজের রক্ষণভাগের ওপর আস্থা প্রকাশ করেন তিনি। ডুলির ভাষায়, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আমাদের রক্ষণভাগও শক্তিশালী। আমাদের বিপক্ষে কেউ গোল করতে পারেনি। ম্যাচের পর ম্যাচ আমরা আরও শক্তিশালী হচ্ছি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও আমাদের রক্ষণভাগ ভালো। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে কারা বেশি জিততে চায় তার ওপর। আজকের মিটিংয়েও আমরা বলবো, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই।’

সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও সেটিকে বড় করে দেখছেন না ডুলি। তার মতে, বিশ্রাম কিছুটা সহায়ক হলেও মাঠের পারফরম্যান্স নির্ভর করবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। তিনি বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতে হবে। আর সাফ জিততে হলে শেষ পর্যন্ত সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে স্বস্তি ফিরিয়েছে কোচের মধ্যে। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ ও ফারহান আলীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ডুলির মতে, বিশ্বনাথকে প্রচলিত অর্থে স্ট্রাইকার বলা না গেলেও প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় ঢোকার সামর্থ্য আছে তার।

তিনি বলেন, ‘চারটি গোল করলে অবশ্যই স্বস্তি লাগে। অনেকে বলেছে, বিশ্বনাথ নাম্বার নাইন নয়, ইব্রাহিমও নাম্বার নাইন নয়। কিন্তু বিশ্বনাথ এমন একজন, যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একজন নাম্বার নাইনকে এমন জায়গায় যেতে হয়, যেখানে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হয়। অনেকেই সেটা করে না। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব তিনটি সুযোগ পেয়েছিল, অল্পের জন্য গোল হয়নি।’

ফারহান আলীর পারফরম্যান্সেও খুশি ডুলি। পেনাল্টি বক্সে তার ড্রিবলিং ও গতি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করছে বলে মনে করেন কোচ। পাশাপাশি বদলি হিসেবে নেমে সুখি দুর্দান্ত খেলায় দলের আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তার। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ডুলির মতে, বাংলাদেশের আক্রমণভাগে এখন একাধিক খেলোয়াড় গোলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। ফলে প্রতিপক্ষের পক্ষে শুধু একজনকে আটকে রাখলেই চলবে না।

দর্শকদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আরও বেশি দর্শক দেখতে চান তিনি। ডুলি বলেন, ‘স্টেডিয়ামে সম্ভবত আট-নয় হাজার আসন ফাঁকা ছিল। আশা করি, এবার সেগুলো পূর্ণ হবে। দর্শকরা মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহ দেবেন, পুরো দলকে এগিয়ে যেতে শক্তি জোগাবেন। আগের ম্যাচে যারা এসেছিলেন, তাদের সমর্থন ছিল অসাধারণ। তবে আরও বেশি দর্শক এলে আমাদের জন্য তা বাড়তি অনুপ্রেরণা হবে।’

এদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন ডুলি। তপু অনুশীলনে ফিরেছেন এবং পায়ে ব্যথা অনুভব করছেন না বলে জানিয়েছেন কোচ। তবে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় তাকে একাদশে ফেরানোর ক্ষেত্রে সতর্ক থাকতে চান তিনি।

তপুকে নিয়ে ডুলি বলেন, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। সে জানিয়েছে, পায়ে কোনও ব্যথা নেই এবং স্বাভাবিক অনুভব করছে। রক্ষণভাগে প্রয়োজন হলে সে প্রস্তুত আছে। তবে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর শুধু এসে বললেই হয় না যে আমি প্রস্তুত। অনুশীলনে পারফরম্যান্স দেখাতে হয়। এখন আমাদের দলে জিদান আছে। তাকে একাদশ থেকে সরানো কঠিন। তরুণ খেলোয়াড়েরা সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করছে, এটাই ফুটবলের সৌন্দর্য।’

সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছেন ডুলি। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে ফাইনালে ওঠাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

Ads small one

৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি

মিস ইউনিভার্সের (বিশ্বসুন্দরী) মুকুট জয় মানে শুধু বিশ্বসুন্দরীর খেতাব অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, আর্থিক সুবিধা ও পেশাগত সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাওয়া। এক বছরের জন্য বিজয়ীর জন্য থাকে বিলাসবহুল আবাসন, বিশ্বভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ বিশেষজ্ঞসহ নানা সুযোগ-সুবিধা।

এবার সেই স্বপ্নের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

 

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। সেখানে সেরার মুকুট জিততে পারলে আন্তর্জাতিক অঙ্গনে মাহির পরিচিতি ও পেশাগত জীবনে যুক্ত হতে পারে নতুন মাত্রা। এ সময় প্রায় ৬১ কোটি টাকা মূল্যের মুকুট পরার সম্মান পাবেন তিনি।

২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের
২০২৫ সালের বিজয়ী ফাতিমা বশের মাথায় ওঠা ‘লুমিয়ের দে লা ইনফিনি’ মুকুটটির আনুমানিক মূল্য ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ কোটি টাকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুয়েলমার মুকুটটি তৈরি করেছে।

 

তবে এত দামি মুকুট মাথায় পরার সুযোগ পেলেও সেটির মালিকানা পান না বিজয়ী। মূলত দায়িত্ব পালনের এক বছর বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতায় মুকুটটি ব্যবহার করেন তিনি। পরবর্তী আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আগের বিজয়ীর দায়িত্ব। অর্থাৎ মুকুটের মালিকানা নয়, এটি পরার সম্মানটুকুই পান বিশ্বসুন্দরী।

প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্বের প্রথম ডার্ক ম্যাজিক মাশরুম বা ভেষজ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যা একই সঙ্গে হ্যালুসিনেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় মাইকোলজিস্টরা জানিয়েছেন, গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতিটি বিশ্বজুড়ে প্রথম যার মধ্যে সাইকেডেলিক বা মানসিক আবেশ সৃষ্টিকারী এবং বিষাক্ত উভয় উপাদানই রয়েছে।

এর আগে কিছু মাশরুমে শুধু সাইলোসাইবিন (ম্যাজিক মাশরুমের উপাদান) এবং অন্যগুলোতে অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি এই প্রথম মিললো। গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, আমরা জানতাম যে এটি সম্ভব, তবে আরও নিবিড় বিশ্লেষণ না করা পর্যন্ত আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাইনি।

অন্যান্য সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন বলে জানান ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি। প্রজাতিগুলো সম্পর্কে জানা এবং সেগুলো কোনও সমস্যা তৈরি করতে পারে কি না, তা চিহ্নিত করাই তার কাজের অংশ।

ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট এবং গবেষণার আরেক সহ-লেখক ব্রিন ডেন্টিঙ্গার জানান, এই ছত্রাকে উভয় উপাদানের উপস্থিতির কারণ সম্ভবত হরাইজন্টাল জিন ট্রান্সফার। বিষয়টিকে তিনি এভাবে ব্যাখ্যা করেন, যেন আমরা হাত মেলালাম এবং আমার ডিএনএর কিছু অংশ আপনার জিনোমে মিশে গেলো।

সূত্র: উইয়ন নিউজ

৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে এক হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। কিন্তু আকাশচুম্বী বাজেট, দুর্বল চিত্রনাট্য এবং আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা পূরণ করতে না পারায় ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, এত আয়ের পরও কি আদতে সফল হলো ‘রামায়ণ’?

বিশাল বাজেটের বড় চ্যালেঞ্জ

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’-এর সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের উৎপাদন ব্যয় আনুমানিক ২ হাজার কোটি রুপি ধরা হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে এই অর্থ তুলে আনতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কোটি রুপি আয় করতে হবে। ১২ নভেম্বর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করলেও প্রযোজকের হাতে প্রেক্ষাগৃহ থেকে আসা লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। স্ট্রিমিং ও স্যাটেলাইট স্বত্ব থেকে আয় যুক্ত হলেও বিশাল এই বাজেটের কারণে ছবিটির চূড়ান্ত মুনাফা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির দিনের হতাশা ও দুর্বল আবেগ

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬০ কোটি রুপি আয়ের পূর্বাভাস থাকলেও ছবিটি আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। পরবর্তী সময়ে গতি বাড়লেও নির্মাণের মান নিয়ে সমালোচনা কমেনি। এনডিটিভি ইন্ডিয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ছবিটির প্রোডাকশন ডিজাইন ও মহাকাব্যের কম পরিচিত অধ্যায়গুলোর উপস্থাপনা প্রশংসনীয় হলেও এর চিত্রনাট্য দুর্বল, আবহসংগীত অতিরিক্ত উচ্চশব্দের এবং আবেগের গভীরতার অভাব রয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের মানিয়ে নিতে সময় লাগলেও রাবণ চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে।

ভিএফএক্স বনাম গল্প ও আন্তর্জাতিক বাজার

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং অস্কারজয়ী ভিএফএক্স প্রতিষ্ঠান ডিএনইজি-র যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হলিউড মানের ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কেবল দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না, যদি গল্পের আবেগ ও নৈতিক দিকটি দুর্বল হয়।

এ ছাড়া ছবিটিকে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও পুরোপুরি সফল হয়নি।

দ্য ইকোনমিক টাইমসের মতে, প্রথম ছয় দিনে ভারতে ৪০৩ দশমিক ৯ কোটি রুপি আয় করলেও বিদেশের বাজারে আয় হয়েছে মাত্র ২৬০ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে দ্য ইকোনমিক টাইমসকে বলেন, পশ্চিমা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রতিশ্রুতি ছবিটি দিয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আগের নির্মাণের সঙ্গে তুলনা ও চূড়ান্ত হিসাব

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি ধারাবাহিক, ১৯৯৩ সালের ইন্দো-জাপানি অ্যানিমেশন ছবি কিংবা ২০২৩ সালে সমালোচিত ‘আদিপুরুষ’ আগের এসব নির্মাণের কারণে দর্শকদের প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। সব মিলিয়ে ‘রামায়ণ: পার্ট ১’-কে সরাসরি ফ্লপ বলা না গেলেও বিশাল বিনিয়োগের তুলনায় এর আর্থিক সাফল্য ও বৈশ্বিক প্রভাব এখনও পরীক্ষার মুখে রয়েছে।

উদ্বিগ্ন নন প্রযোজক

বিপুল এই লগ্নির পরও লাভ-ক্ষতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রযোজক নমিত মালহোত্রা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম পর্ব প্রত্যাশিত অঙ্ক তুলতে না পারলেও দ্বিতীয় পর্ব সেই ঘাটতি পুষিয়ে দেবে।

টাওয়ার অব লন্ডন বা তাজমহলের দাম যেমন সংখ্যায় মাপা যায় না, তেমনি ‘রামায়ণ’-কে তিনি ‘জীবনে একবারই আসে এমন সুযোগ’ এবং ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, প্রতিটি ডলার ও সেন্টের হিসাব কষা বেশ ‘অশোভন’।

প্রথম পর্ব লক্ষ্যমাত্রা পূরণ না করলে কী হবে, এমন প্রশ্নে নমিত বলেন, আমরা এখনও চলচ্চিত্র যাত্রার মাঝপথে আছি। সবে প্রথম পর্ব বানিয়েছি। দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়েও বড় সিনেমা হতে যাচ্ছে, তাই আমি দুটি সিনেমার শেষেই বাণিজ্যিক ফলাফল বিচার করতে চাই। এটিই বুদ্ধিমানের কাজ, কারণ এই সিনেমাটি যদি ভালোবাসা পায় কিন্তু সব অঙ্ক মেলাতে না পারে, আমরা জানি যে দ্বিতীয় পর্ব এসে সেটি সামলে নেবে।