ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের লাশ বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের লাশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। বিজিবি ও পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে লাশ হস্তান্তর করা হয়।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ভারতের কলকাতার একটি হাসপাতালে মারা যান। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট পাসপোর্টের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে গিয়েছিলেন রোটন। স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য তাঁর মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতিপত্র ইস্যু করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১১টার দিকে রোটনের মরদেহ সড়কপথে ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাঁর লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। এর আগে তাঁর বোনের ছেলে সোহানুর রহমানের কাছে কলকাতা থেকে মরদেহ হস্তান্তর করে যথাযথ কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেয় দূতাবাস।
পুলিশ প্রহরায় রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে যাওয়া হয় বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান। রোটনের মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্ররাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।











