জলবায়ু বিপর্যয় রোধে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে: এড. ইয়ারুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে দেশকে রক্ষায় সরকারের কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. মো. ইয়ারুল ইসলাম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও পরিবেশ সুরক্ষা, নদী রক্ষা, বন সংরক্ষণ এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। দেশ ইতোমধ্যে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও লবণাক্ততার মতো বহুমাত্রিক সংকটের মুখোমুখি। এর ফলে কৃষি, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উপকূলীয় জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে।
তিনি অভিযোগ করে বলেন, দেশের নদী-খাল দখল, নির্বিচারে বৃক্ষনিধন, জলাভূমি ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণ জলবায়ু সংকটকে আরও তীব্র করে তুলছে। অথচ পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের অনীহা দেখা যাচ্ছে।
ইয়ারুল ইসলাম আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শুধু আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর না করে জাতীয় পর্যায়ে সুশাসন ও কার্যকর পরিবেশ নীতি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে টেকসই অবকাঠামো নির্মাণ, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের জীবন ও জীবিকা রক্ষায় সরকারকে অবিলম্বে স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।









