জালিয়াতি মামলায় কলেজের সহকারী অধ্যাপক জেলহাজতে
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি আত্মসাতের মামলায় ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক অরিন্দম কুমার নাথকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, প্রতিবেশী পঙ্কজ নাথের ছেলে সরোজিৎ নাথ ২০২৩ সালের ডিসেম্বরে অরিন্দম কুমারের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পিবিআই খুলনার তদন্তে উঠে আসে, অরিন্দম কুমার ২০১৭ সালের ১০ আগস্টের যে জমি ক্রয়ের দলিল দেখিয়ে নামজারি করেছেন, সেটি জাল। এমনকি যে ব্যক্তিদের তিনি দাতা হিসেবে দেখিয়েছেন, তারা ২০০৬ সালেই মৃত্যুবরণ করেছেন।
তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ২ জুলাই অরিন্দম কুমার আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক মাসুম বিল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
টানা অনুপস্থিতির কারণে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষককে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।





