সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

নিজের অর্থ বিনিয়োগ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙ্গিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ওপেক্স মডেল’। নতুন ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ এই মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও মালিকানা সংরক্ষণের সুযোগও পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্যাপেক্স মডেল’।

গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অধ্যাদেশটি জারি করা হয়। একই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই অধ্যাদেশটি কার্যকর হয়েছে।

কীভাবে নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ মিলবে

অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ। এ ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্যানেল, ইনভার্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে না। এমনকি স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে না।

বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের ভবনের ছাদ বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। এরপর সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ওই প্রতিষ্ঠান। উৎপাদিত বিদ্যুতের একটি নির্ধারিত অংশ গ্রাহক ব্যবহার করবেন। বিদ্যুতের অংশ বা মূল্য কীভাবে সমন্বয় হবে, তা আগেই চুক্তিতে নির্ধারণ করা থাকবে।

অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে। এতে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব অর্থের অভাবে সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব হচ্ছিল না, তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

দুই ধরনের বিনিয়োগ মডেল

অধ্যাদেশে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দুটি মডেল নির্ধারণ করা হয়েছে।

ওপেক্স মডেলে সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবে। গ্রাহক প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবে এবং চুক্তি অনুযায়ী বিদ্যুতের মূল্য বা অংশ সমন্বয় করবে। অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা থাকবে গ্রাহকের হাতে।

সরকার ওপেক্স মডেলকে অগ্রাধিকার দিলেও যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল রয়েছে, অথবা এ ধরনের বিনিয়োগের জন্য নিয়মিত আয় আছে, তারা আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলেও প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।

কোথায় বসানো যাবে সৌরবিদ্যুৎ

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কোম্পানির ভবনের ছাদ, আঙ্গিনা ও উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ছাড়া সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিতেও সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।

ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষির সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ বা অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তিও এ ব্যবস্থার আওতায় আসবে। তবে প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা হবে ৫ মেগাওয়াট। বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতায় পড়বে না।

সেবাদাতা প্রতিষ্ঠান বাছাই হবে প্রতিযোগিতায়

ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য যোগ্য সেবাদাতা প্রতিষ্ঠানের জেলাভিত্তিক তালিকা তৈরি করবে উপযুক্ত কর্তৃপক্ষ। নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেবাদাতা নির্বাচন করবেন গ্রাহক। তবে গ্রাহক চাইলে তালিকার বাইরের প্রতিষ্ঠানকেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করতে পারবেন।

চুক্তিতে নিশ্চিত করতে হবে গ্রাহকের স্বার্থ

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদাতা প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

চুক্তিতে গ্রাহক কতটুকু বিদ্যুৎ পাবেন, অতিরিক্ত বিদ্যুতের মূল্য কীভাবে নির্ধারিত হবে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব কার, যন্ত্রপাতি নষ্ট হলে কে প্রতিস্থাপন করবে এবং চুক্তির মেয়াদ কত দিন হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল সমন্বয়, সার্ভিস চার্জ ও বিল পরিশোধের পদ্ধতিও চুক্তিতে থাকতে হবে।

উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে

নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে প্রচলিত বিধান ও নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।

অধ্যাদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণ করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘‘অধ্যাদেশ জারি করা হয়েছে— এটা একটা ভালো উদ্যোগ সরকারের। তবে সরকারি প্রতিষ্ঠানে এই ‘ওপেক্স মডেল’ যেভাবে কার্যকর হতে পারে বেসরকারি প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে এই মডেল কতটা কার্যকর হবে, সেটা নিয়ে এখনো আমরা সন্দিহান।’’

তিনি বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠান যেমন স্থায়ী জায়গা, সেখানে সব সময় অফিসটার স্থায়িত্ব থাকবে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়িত্ব থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বাসাবাড়িতে বাড়িওয়ালারা অন্য কোম্পানির লোকজনকে নিজেদের ছাদ নিয়মিত ব্যবহার করতে দেবে কি না, তাও প্রশ্ন থেকে যায়। এতে করে বিদেশি বিনিয়োগ আনা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।’’

Ads small one

নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের উত্তরসূরি হিসেবে কাউকে সমর্থন না দিয়ে তিনি নিরপেক্ষ থাকতে পারেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রবিবার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পকে সম্ভাব্য উত্তরসূরিকে সমর্থন দেবেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, সম্ভবত নয়। হয়তো নিরপেক্ষ থাকলেই আমার জন্য ভালো হবে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়া আর কাকে উত্তরসূরি হিসেবে বিবেচনা করবেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে ‘চমকদার’ ও ‘দারুণ কাজ করছেন’ বলে প্রশংসা করেন ট্রাম্প। এ ছাড়া নাম প্রকাশ না করে কয়েকজন চমৎকার সিনেটরও তার বিবেচনায় রয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প দাবি করেন, তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলন প্রেসিডেন্সির পরও টিকে থাকবে। তিনি বলেন, আমি মনে করি তা-ই। কারণ মাগা মূলত সাধারণ বুদ্ধিমত্তার ওপর প্রতিষ্ঠিত।

কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতারকলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতার
সীমান্ত নিরাপত্তা, সামরিক শক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এই আন্দোলনের মূল নীতি হিসেবে উল্লেখ করেন তিনি।

নির্বাচনে পরাজয়ের আংশিক কারণ হিসেবে ‘খারাপ প্রচারণাকে’ দায়ী করে ট্রাম্প বলেন, আমরা বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারিনি।

পাশাপাশি, জনমত জরিপের ফল উল্টো হলেও ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা নিয়ে জনগণের সমর্থন ‘অসাধারণ’ রয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

দেশের উন্নয়নে এবং গ্রামীণ জনপদের জীবনমান পরিবর্তনে প্রবাসীদের অবদান সর্বদাই প্রশংসনীয়। প্রবাসের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ কেবল নিজেদের পরিবার বা স্বজনদের সচ্ছলতাই ফেরায় না, অনেক সময় তা গোটা একটি জনপদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধানেও অনুঘটকের ভূমিকা পালন করে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীদের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য জমি ক্রয়ের ঘটনা তেমনই এক অনুকরণীয় দৃষ্টান্ত। যুগ যুগ ধরে চলাচলের উপযোগী রাস্তার অভাবে যে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, প্রবাসীদের এই সম্মিলিত মানবিক উদ্যোগে সেই মানবেতর পরিস্থিতির অবসান ঘটার পথ সুগম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তীব্র সড়কসংকট বিরাজ করছিল। বিশেষ করে মীরডাঙা ও দলুইপুর গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল, উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে পরিবহন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে সীমাহীন কষ্ট পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে গ্রামীণ এই কাঁচা রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ত, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো। সরকারি অনুদান বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের আশায় বসে না থেকে গ্রামের প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে নগদ টাকায় ২৭ শতক জমি ক্রয় করেছেন, যা সমাজসেবা ও প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে, ভালো কাজের সঙ্গে পুরো সমাজ আজ একাত্মতা প্রকাশ করেছে। প্রবাসীদের এই উদ্যোগে মীরডাঙা-দলুইপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের পথ উন্মুক্ত হয়েছে। এর ফলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটবে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। কৃষিপণ্য সহজে বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে।

আমাদের গ্রামীণ সমাজে উন্নয়নের জন্য কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর করে বসে থাকার প্রথা ভাঙতে হবে। মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীরা দেখিয়ে দিয়েছেন যে, সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য ও জনপদের রূপরেখা পরিবর্তন করা সম্ভব। প্রবাসীদের এই মহতী উদ্যোগ দেশজুড়ে বিত্তবান ও প্রবাসীদের জন্য এক অনন্য বার্তা বহন করে। এই ঐক্য ও মানবিক মূল্যবোধের চর্চা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হোক এবং প্রবাসীদের এই অনুকরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।

বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত স্কুলছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও বেঁচে আছে।

গুরুতর আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক কিশোর কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকে। ওই ছাত্রী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।

ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তার বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনও চুল ধরে আঘাত করছে। মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। এরপর একটি রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুলিশ শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কিশোরকে ধরতেও অভিযান চলছে।

আহত স্কুলছাত্রীর বাবা বলেন, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনও কিছু বলেনি। তাকে কেউ কখনও উত্ত্যক্ত করতো কি না, সে ব্যাপারে কিছুই জানা নেই তার।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‌‘ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা কিশোরকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’