মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

‎তালায় গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
‎তালায় গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তালা প্রতিনিধি: তালা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাতে উপজেলার কলাপোতা গ্রামে মালেক মোড়লের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে মাদক ব্যবসায়ী আবু সাইদ মোড়লের ঘর থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করাসহ সাইদকে আটক করা হয়।
‎সাইদ মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় সাইদ মোড়লের বিরুদ্ধে তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (০৫/২৬) দায়ের হয়েছে।
‎সোমবার (৩ আগস্ট) ধৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

Ads small one

পাইকগাছায় দুদক-এর বিতর্ক প্রতিযোগিতায় কপিলমুনি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
পাইকগাছায় দুদক-এর বিতর্ক প্রতিযোগিতায় কপিলমুনি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে পাইকগাছায় বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ক’ গ্রুপ থেকে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরকে এবং ‘খ’ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহন করেন নবম শ্রেণী ছাত্রী আনিকা কর্মকার প্রাপ্তি। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রতিযোগিতার ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন।

বৈরামপুরে বেতনা নদীর ভয়াবহ ভাঙন, বিপর্যয়ের মুখে তিন ইউনিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
বৈরামপুরে বেতনা নদীর ভয়াবহ ভাঙন, বিপর্যয়ের মুখে তিন ইউনিয়ন

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বৈরামপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জোয়ার-ভাটার অব্যাহত স্রোতে গত কয়েক মাসে প্রায় ১৫০ থেকে ২০০ ফুট চর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও ভাঙন সড়কের মাত্র ৫ থেকে ৬ ফুটের মধ্যে চলে এসেছে। ফলে যেকোনো সময় বেড়িবাঁধ ও পিচঢালা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শুধু কাদাকাটি নয়, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এবং পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকটি গ্রামও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী মানুষের।

 

সরেজমিনে দেখা যায়, বেতনা নদীর তীরঘেঁষা বেড়িবাঁধটি বর্তমানে একটি কার্পেটিং সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সড়কটি উত্তর দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি সেতু এবং দক্ষিণ দিকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের নদীভাঙনে সড়কসংলগ্ন চর ক্রমেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে সড়ক থেকে নদীর দূরত্ব মাত্র ৪০/৪৫ ফুট। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনস্থলের কিছু অংশে নদীর চর প্রায় ২৫/৩০ ফুট গভীর হয়ে গেছে। ফলে সামান্য অংশ ভেঙে পড়লেই সড়কটি নদীতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

বৈরামপুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুল কুদ্দুস বলেন, নদীর পাড়ে গভীর ভাঙন সৃষ্টি হয়েছে। প্রতিদিনই নতুন করে মাটি ধসে নদীতে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “ভাঙন এখন সড়কের একেবারে কাছে চলে এসেছে। সময়মতো ব্যবস্থা না নিলে শুধু তিন ইউনিয়ন নয়, তালা উপজেলারও বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।”

 

ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সড়ক থেকে মাত্র ৬/৭ ফুট দূরে ভাঙন চলে এসেছে। ভাঙনের গভীরতাও অনেক বেশি। আর সামান্য অংশ ভেঙে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ভাঙনস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এর কয়েকদিন পর একজন সার্ভেয়ার এসে ভাঙনস্থল পরিমাপ করেও যান। তবে এরপর দীর্ঘ সময় পার হলেও ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

এদিকে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, “নদীভাঙনের বিষয়টি শুনেছি। স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

স্থানীয়দের আশঙ্কা, সড়কটি নদীগর্ভে বিলীন হলে একদিকে যেমন কাদাকাটি, কুল্যা ও দরগাহপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে, অন্যদিকে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে হাজার হাজার বিঘা মাছের ঘের, কৃষিজমি, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে এলাকার কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। তাই বড় ধরনের বিপর্যয় ঘটার আগেই ভাঙনস্থলে জরুরি ভিত্তিতে প্রতিরোধকাজ শুরু করার দাবি জানিয়েছেন নদীতীরবর্তী আতঙ্কিত মানুষ। তাদের ভাষায়, “বাঁধ ভাঙার পর ব্যবস্থা নয়, বাঁধ রক্ষায় এখনই ব্যবস্থা চাই।”

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

সংবাদদাতা: জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাপুর উত্তরপাড়া এলাকায় বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজার উদ্যোগে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় রেজাউল ইসলাম রেজা নিজে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও সুন্দর সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেও আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই।

তিনি জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ৬ নম্বর তালা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।