তালায় ডেইরি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ
তালা প্রতিনিধি: তালা বাজারের ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষের অভিযোগ, একই গ্রামের লিটন শেখ (২২) তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় লিটন তাঁর বাবার পথরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁর কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্ত লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









