তালায় মৎস্য ঘের দখল ও মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মালিক
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘের জোরপূর্বক দখল, মাছ লুট ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ঘের মালিক আব্দুস সাত্তার। একই সঙ্গে প্রাণনাশের হুমকির অভিযোগ করে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্দুস সাত্তার হাজরাকাটি গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, তিনি প্রায় ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করছেন। তাঁর ঘেরের মধ্যে একই গ্রামের মৃত লবন সরদারের ছেলে নজরুল ইসলামের আট বিঘা জমির একটি ছোট ঘের রয়েছে। অভিযোগ অনুযায়ী, নজরুল ইসলাম নিজের ঘেরে বেড়িবাঁধ না দিয়ে প্রতিবছর মাছ ধরার মৌসুমে তাঁর ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যান।
আব্দুস সাত্তারের দাবি, এ পর্যন্ত তাঁর ঘের থেকে ১০ লাখ টাকার বেশি মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরও লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরা হচ্ছে। এতে বাধা দেওয়ায় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। প্রতিবাদ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই মারধর এবং সুযোগ না পেলে গোপনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাংবাদিক সম্মেলনে আব্দুস সাত্তার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।









