তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
তালা প্রতিনিধি: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বানে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নাগরিক প্রকল্পের আওতায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে সংস্থার কার্যালয় থেকে ইজিবাইক শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ ইসলামকাটি ও খলিষখালী ইউনিয়ন প্রদক্ষিণ করে।
পরে খলিষখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতনের ঘটনার তথ্য সংগ্রহ বুথ স্থাপন করা হয়। সেখানে গোপনীয়তা বজায় রেখে ভুক্তভোগী নারীদের কাছ থেকে অভিযোগ ও মতামত সংগ্রহ করা হয়। এতে নারী নেত্রী, যুব প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ১৬ দিনব্যাপী এ প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।






