এমএম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরায় মালটা চাষ করে সফলতা পেয়েছেন ফলচাষি আয়ুব আলী। পাঁচ বছর আগে ছয় বিঘা জমিতে বারি-১ জাতের এক হাজার মালটাগাছের চারা রোপণের মাধ্যমে শুরু করেন চাষ। বর্তমানে তাঁর বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ১৪ বিঘায়। সেখানে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার গাছ। তাঁর বাগানের মালটা দেখতে ও চাষপদ্ধতি জানতে বিভিন্ন এলাকার কৃষকেরা ভিড় করছেন।
আয়ুব আলী সাতক্ষীরার কদমতলা এলাকার বাসিন্দা ও মৃত আনসার আলীর ছেলে। এক যুগের বেশি সময় ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি। আম, কুল, ড্রাগনসহ বিভিন্ন ফল চাষের পাশাপাশি এবার মালটা চাষেও সাফল্য পেয়েছেন।
চলতি মৌসুমে তাঁর বাগানের মালটা পাইকারি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ মৌসুমে সাড়ে তিন লাখ টাকার মালটা বিক্রি করেছেন তিনি, যা গত মৌসুমের তুলনায় এক লাখ টাকা বেশি। তাঁর বাগানের মালটার আকার, রং ও স্বাদ ভালো হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে।
স্থানীয়দের মতে, ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি লিজ নিয়ে আয়ুব আলী আম, কুল, লিচু, ড্রাগন ও মালটার বাগান গড়ে তুলেছেন। এসব বাগানে কাজ করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া উপজেলার মৌলভীবাজারে তাঁর একটি ফলের আড়ৎ রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ফল কিনতে আসেন।
আয়ুব আলী জানান, কৃষি অফিসের পরামর্শ ও ইউটিউব থেকে মালটা চাষের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। কৃষি কর্মকর্তারাও নিয়মিত তাঁকে পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে, তুলনামূলক কম খরচে মালটা চাষ করা যায়। ৮ থেকে ১০ ফুট দূরত্বে চারা রোপণ করতে হয়। অক্টোবর থেকে ডিসেম্বর চারা রোপণের উপযুক্ত সময়। প্রতিটি চারা ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যায়। তিনি নিজেও মালটার চারা বিক্রি করছেন।
তালা উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা পিযুষ কান্তি পাল জানান, আয়ুব আলী তাঁর বাগানের গাছের ডাল থেকে কলমের মাধ্যমে নতুন চারা তৈরি করছেন। অনেক কৃষক তাঁর কাছ থেকে চারা সংগ্রহ করছেন। পাশাপাশি তিনি সূর্যডিম আম, পারসিমন, ডুরিয়ান, রামবুটান ও অ্যাভোকাডোর মতো বিদেশি ফলের চাষ ও চারা উৎপাদন করছেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, জেলায় এ বছর ১৩৫ হেক্টর জমিতে মালটার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৫ মেট্রিক টন। বাজারে প্রতি কেজি মালটা ৬০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর আট হেক্টর জমিতে আবাদ বেড়েছে। সাতটি উপজেলাতেই মালটা চাষ হলেও তালায় এর আবাদ বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়ায় বারি-১ জাতের মালটা ভালো হয় এবং ফলটি বেশ সুস্বাদু। মালটা লাভজনক ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে। ভবিষ্যতে আমের মতো মালটা চাষেও সাতক্ষীরার কৃষকেরা সুনাম অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।