তালায় বসতবাড়ির বিরোধ: দুই ভাইয়ের মারামারি, থানায় অভিযোগ
খলিষখালি (তালা) প্রতিনিধি: তালায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার খলিষখালী ইউনিয়নের কাজিডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার সকালে এই মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই ছুরাউদ্দীন গাজী বাদী হয়ে ছোট ভাই সালাউদ্দীন গাজীর বিরুদ্ধে তালা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিডাঙ্গা গ্রামের দুই ভাই ছুরাউদ্দীন ও সালাউদ্দীনের মধ্যে মাত্র ২ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই সালাউদ্দীন ও তাঁর ছেলে লাঠিসোঁটা নিয়ে বড় ভাই ছুরাউদ্দীন ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় তাঁরা দুজনই আহত হন। পরে প্রতিবেশীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বড় ভাই ছুরাউদ্দীন গাজীর দাবি, কোনো উসকানি ছাড়াই সালাউদ্দীন ও তাঁর ছেলে তাঁদের বেধড়ক পিটিয়ে আহত করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ছোট ভাই সালাউদ্দীন গাজী বলেন, “যে জমি নিয়ে বিরোধ, সেটি মূলত মাঠপর্চার জমি। আমি বড় ভাইকে মারধর করিনি, বরং তিনিই আমাকে আগে আঘাত করেছেন।”
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সামাজিক বা আইনি সমাধান না হলে যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। তালা থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









