তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তা ও সাতটি শেড উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে স্থানীয় সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মাগুরা ইউনিয়নের চারা বটতলা থেকে চরগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার এবং ইসলামকাটি ইউনিয়নের উথালী ফেরিঘাট থেকে গোপালপুর পর্যন্ত আড়াই কিলোমিটারসহ মোট সাড়ে ৩ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হচ্ছে। এই দুই সড়কের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯ লাখ টাকা। এ ছাড়া ৫০ লাখ টাকা ব্যয়ে তালা কাঁচাবাজারের রাস্তা ও নির্মিত সাতটি শেডের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ব্যাপারে তাঁর নিজের দায়িত্ববোধ থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে এসব উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবেন।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এই সড়কগুলোর উন্নয়নকাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে। সড়কটি গ্রামীণ অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণসহ স্থানীয় অর্থনীতি ও কৃষির উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, এলজিইডির সহকারী প্রকৌশলী সজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা বণিক সমিতির সাবেক ক্যাশিয়ার দীনবন্ধু এবং তালা সদর ইউনিয়ন জামায়াতের আমির মজিবুর রহমান।












