তালার নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদের যোগদান
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শাহরিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার ভূমিসেবা প্রত্যাশীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নামজারি, ভূমি উন্নয়ন কর ও জমির খারিজসংক্রান্ত কাজে তৈরি হয়েছিল জটিলতা। নতুন এসিল্যান্ডের যোগদানে এসব সেবার কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
দায়িত্ব গ্রহণের পর শাহরিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।






