সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ কামালনগরে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ প্রাচীর সরাতে জেলা প্রশাসকের কাছে আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ কামালনগরে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ প্রাচীর সরাতে জেলা প্রশাসকের কাছে আবেদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার চলাচলের রাস্তা দখল করে এবং ঝুঁকিপূর্ণভাবে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে। দক্ষিণ কামালনগর এলাকায় পাউবোর নির্মাণাধীন ১১ ফুট উচ্চতার ৫ ইঞ্চির এই দেয়ালটিকে স্থানীয় বাসিন্দারা ‘মরণ ফাঁদ’ বলে অভিহিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পুরাতন দেয়ালটি ভেঙে পড়ার পর পাউবো কর্তৃপক্ষ সেই ভাঙা ইট দিয়েই পুনরায় রাস্তার জায়গা দখল করে একই নকশায় দেয়াল নির্মাণ শুরু করে। সোমবার (২২ জুন) সকালে এলাকাবাসীর তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা পৌরসভার সাবেক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে এবং প্রতিকার চেয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম আলতু, খোকন, মনজুরুল, জলিল ও ফজর আলী জানান, ১১ ফুট উচ্চতার এই নড়বড়ে প্রাচীরটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা ঝুঁকিপূর্ণ দেয়ালটি সম্পূর্ণ ভেঙে নতুন করে টেকসই ও মজবুত প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন এবং জেলা প্রশাসনের তদন্ত সাপেক্ষ ব্যবস্থার অপেক্ষায় আছেন।

Ads small one

কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মফজুলার রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মফজুলার রহমান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৫৮ নম্বর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ মো. মফজুলার রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার জেসমিনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি এবং বিদুর সরকারকে সহসভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. মফজুলার রহমান বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বিলজুড়ে খুরের দাপট: সদরের চেলারবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে হাজারো দর্শকের ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
বিলজুড়ে খুরের দাপট: সদরের চেলারবিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে হাজারো দর্শকের ঢল

নিজস্ব প্রতিনিধি: আষাঢ়ের মেঘলা আকাশ আর সোঁদা মাটির ঘ্রাণ উপেক্ষা করে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিলে চারপাশ তখন লোকারণ্য। মাঠের সীমানা ছাড়িয়ে মানুষের চোখ গিয়ে ঠেকেছে দূর সীমানায়। আচমকাই নিস্তব্ধতা ভেঙে বাতাসে ভেসে এল খুরের আওয়াজ। ধুলো উড়িয়ে একের পর এক ঘোড়া ছুটে চলল লক্ষ্যের পানে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এক টুকরো ঐতিহ্যকে সাক্ষী রেখে এভাবেই মুখরিত হয়ে উঠেছিল ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিল। যান্ত্রিকতার যুগে গ্রামীণ এই লোকজ সংস্কৃতি যেন এক পশলা আনন্দের হাওয়া বয়ে এনেছে বিলপাড়ের জীবনে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা উপস্থিত আবালবৃদ্ধবনিতাকে দেয় অনাবিল আনন্দ।
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলারবিলে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে দুপুরের পর থেকেই স্থানীয় ধুলিহর, জাহানাবাজ, কোমরপুর, ফয়জুল্যাপুর, বড়খামার, উমরাপাড়া, মেল্লেকপাড়া, বালিথা, দহাকুলা, চেলারডাঙা, কালেরডাঙা, বাঁধনডাঙা, ননিগোলা, বালুইগাছা, এলাল্লারচর, ব্রহ্মরাজপুরসহ অন্তত ২০টি গ্রামের হাজারো উৎসুক দর্শকের ঢল নামে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক সফল চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। সাবেক ইউপি সদস্য খুরশিদ আলমের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি পরিচালনা করেন এবং খেলার ধারাভাষ্য প্রদান করেন আব্দুল্লাহ সানা।
রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রা থেকে আসা ‘ভোরের পাখি’ প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া গোপালগঞ্জের ‘কানাই’ দ্বিতীয়, নড়াইলের ‘নড়াইল এক্সপ্রেস’ তৃতীয়, সাতক্ষীরার তালার ‘বেলী’ (তাহসিন রানি) চতুর্থ এবং খুলনার শিরমনির ‘পাখি’ পঞ্চম স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য বিজয়ীদেরও বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশের এই আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

 

শাঁখরা-কোমরপুর হাইস্কুলে ‘মনের মন্দিরে মানবী দেবী’ নাটকের মহড়া শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
শাঁখরা-কোমরপুর হাইস্কুলে ‘মনের মন্দিরে মানবী দেবী’ নাটকের মহড়া শুরু

পত্রদূত ডেস্ক: ‘জীবনকে প্রত্যক্ষ দেখতে ও বুঝতে নাটকের বিকল্প নেই’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা ললিত কলা একাডেমীর উদ্যোগে এক নতুন সামাজিক নাটকের উদ্বোধনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে শাঁখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ‘মনের মন্দিরে মানবী দেবী’ শীর্ষক নাটকটির শুভ মহড়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মাস্টার শফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় এবং ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, শাঁখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ধ্রুবগোপাল দাশ এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
শিশুশিল্পী শ্রাবন্তী মন্ডলের কণ্ঠে ভজনগীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাসুদেব ঘোষ, অসিত ঘোষ, তরিকুল ইসলাম, শিবায়ন সরকার, সত্যজিত সরকার, শহিদুল ইসলাম, গোবিন্দ মন্ডল, ভগিরত সরকার, প্রসেনজিৎ, সন্ধ্যা রানী ও শিশুশিল্পী পীরতম মন্ডল। নাটকের আবহ সংগীত পরিচালনা করেন নাট্যকার নিজেই।