শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের নিয়ে তালায় ‘তথ্য অধিকার ও নৈতিকতা’ বিষয়ক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের নিয়ে তালায় ‘তথ্য অধিকার ও নৈতিকতা’ বিষয়ক সেমিনার

তালা প্রতিনিধি: দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার তালা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে ‘তথ্য অধিকার ও নৈতিক মূল্যবোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যাপীঠে দ্য কার্টার সেন্টারের উদ্যোগে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ এবং নৈতিকতা চর্চার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল। তিনি বলেন, “আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ এবং চারিত্রিক সততায় বলীয়ান হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুধাংশু মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা।
এছাড়া তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বাবলুসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, এর প্রয়োগ এবং ফলাফল যাচাইয়ের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষভাগে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মাঝে উন্নতমানের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব উপলব্ধি করতে পারবে, যা তাদের ভবিষ্যতে একজন সচেতন ও দুর্নীতিবিরোধী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

 

 

Ads small one

রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে রেণুপোনা ব্যবসায়ি মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

এসময় ডাকাতদল বোমা মেরে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, , উপজেলার সাতশৈয়া গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে মাহাতাব মল্লিকের ছেলে মাহাবুব মল্লিকের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ৫/৬জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মূখে জিম্মি করে। পরে তাদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেনের অংশ বিশেষ ছিড়ে নেয়। এছাড়া তার বোনের একটি মুঠোফোন কেড়ে নেয়।

এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতদল রাস্তায় ও একটি বাড়িতে পর পর দুটি বোমা নিক্ষেপ করে আতংক সৃষ্টির করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় গৃহকর্তা  মাহাবুব মল্লিক (৩৯), ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মা রিজিয়া বেগম (৭০) ও বোন রেহেনা মল্লিক (৪৩)  আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

তালাকপ্রাপ্ত মাদকাসক্ত সাবেক স্বামীর বিরুদ্ধে ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
তালাকপ্রাপ্ত মাদকাসক্ত সাবেক স্বামীর বিরুদ্ধে ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ 
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: “আমি বাঁচতে চাই, আমাকে যেকোনো সময় ওরা মেরে ফেলব” আকুল কণ্ঠে এমন চরম জীবনশঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ ফারজানা আক্তার মীম (২০)। সাবেক স্বামী ও সাজাপ্রাপ্ত সন্ত্রাসী মোঃ হাবিবুল্লাহ শেখ অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় ডাকাতি, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, ছবি-ভিডিও ছড়িয়ে সাইবার ব্ল্যাকমেইল এবং ধারাবাহিক প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ভুক্তভোগী মীম। অভিযুক্ত হাবিবুল্লাহ শেখ চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কালশিরা, বারশিয়া এলাকার মোঃ আলী শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মীম জানান, সাবেক স্বামী হাবিবুল্লাহ তাকে অনৈতিক ‘হানি ট্র্যাপ’ ব্যবসায় নামানোর চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে সাংসরিক ঝগড়া-বিবাদ সৃষ্টি হলে বিগত ১ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তাকে পারিবারিক ভাবে বিবাহ দেওয়া হয়, সেখানে  নতুন সংসার শুরু করলে গত ২৯ আগস্ট হাবিবুল্লাহর নেতৃত্বে ১৭-১৮ জনের সশস্ত্র দল তার খুলনার বাসায় ঢুকে পড়ে। সন্ত্রাসীরা মীম ও তার বর্তমান স্বামীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ২ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা লুট , ৩টি ব্ল্যাংক স্ট্যাম্পে সই নেয় এবং আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে। পরে অর্থ না দেওয়ায় সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।
এছাড়া, ব্যবসার কথা বলে মীমের মায়ের মাধ্যমে এনজিও থেকে নেওয়া ৭ লাখ টাকা ফেরত চাওয়ায় তাদের স্ব-পরিবারে হত্যার হুমকি দিচ্ছে হাবিবুল্লাহ। ভুক্তভোগী জানান, একাধিক মামলায় পরোয়ানা ও আদালতের সাজা সত্ত্বেও হাবিবুল্লাহ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলন থেকে আসামিদের দ্রুত গ্রেফতার ও জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরায় নিখোঁজের দুই মাসেও ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধের সন্ধান মেলেনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের দুই মাসেও ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধের সন্ধান মেলেনি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ৮ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০ টার সময় তিনি পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পেয়ে তাঁর ছেলে মোঃ আব্দুল আলীম গত ১২ জুলাই ২০২৬ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭৪৪) করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ইফাজউদ্দীন বাকপ্রতিবন্ধী। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সবুজ রঙের জামা ও সাদা লুঙ্গি। নিখোঁজ হওয়ার পর থেকে দীর্ঘদিনেও আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে ০১৭৬৭৪০৫৭৭৯ বা ০১৭২৯৬৬৮১৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।