তালায় ইউনিয়ন লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা
তালা প্রতিনিধি: তালা উপজেলার জালালপুর ও মাগুরা ইউনিয়নে লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রিস্টান এইড-এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ‘উইমেন জব ক্রিয়েশন’-এর বাস্তবায়নে সংশ্লিষ্ট কার্যালয়ের সভাকক্ষে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
গত ৮ জুন (সোমবার) মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথের সভাপতিত্বে এবং ৯ জুন (মঙ্গলবার) জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে এই অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ৬ মাসের কার্যক্রমের মূল্যায়নসহ ইউনিয়ন ও জেলা লিগাল এইড কমিটির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের বিনা মূল্যে আইনি সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিটির ১৫ জন সদস্য এবং বিভিন্ন নারী দলের ১৫ জন প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন ফিল্ড ভলান্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ ও তানজিলা খাতুন।









