মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

দৃষ্টিনন্দন মে ফ্লাওয়ার বল লিলি/ প্রকাশ ঘোষ বিধান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
দৃষ্টিনন্দন মে ফ্লাওয়ার বল লিলি/ প্রকাশ ঘোষ বিধান

প্রকাশ ঘোষ বিধান

আগুনের পি-ের মতন দেখতে ফায়ার বল। নানা নাম তার। বল লিলি, মে লিলি, মে ফ্লাওয়ার। গোলাকার দেখতে হওয়ায় ফুলটিকে ফুটবল লিলিও বলা হয়। একই কারণে বলা হয় গ্লোব লিলি। পাউডার পাফ লিলি, আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত।

সব সময় দেখা মেলে না তার। শুধু মাত্র মে মাসেই আসে আগুনের সৌন্দর্য নিয়ে। মূলত এই কারণে এই লিলির নাম মে লিলি বা ফায়ার বল। ফায়ার বল নামটার পিছনেও একটা কারন- এই দেখতে আগুনের গোলার মতোই। মনে হয় ছোট্ট একটা আগুনের পিন্ড। আগুনের পিন্ড বললেও দেখতে কিন্তু ভারি মিষ্টি।

প্রায় সারা বছর গাছ ও ফুলের অস্তিত্ব থাকে না। বসন্তে দু-এক পশলা বৃষ্টি হলেই মাটির নিচে ঘুমিয়ে থাকা কন্দটি জেগে ওঠে। সারা বছর মাটির নিচে ঘুমিয়ে থাকে এই ফুল গাছের কা-। মে মাস এলেই মাটি ভেদ করে মাথা উঁচু করে সেই বৃত্তাকার ফুলটি জানান দেয় তার আপন অস্তিত্ব। উজ্জ্বল গোলাকার ফুলটি ফোটে পাতাহীন। প্রায় ২শ’ ফুলের সমন্বয়ে গঠিত সেই মে ফ্লাওয়ার এর পুষ্পবৃত্ত। একেকটি ফুলের রয়েছে ৬টি পাপড়ি আর ৭টি পুংকেশর। ফুলের ডাঁটা ও গাছের গড় উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। যা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। ফুলটির স্থায়ীত্ব প্রায় এক সপ্তাহকাল।

মে ফ্লাওয়ার কন্দজাতীয় ফুল গাছ। গ্রীষ্মের আগমনে মাটি ভেদ করে ফুলের ডাঁটা বের হয়, ফুলের কলি জন্মে আর মে মাসের শুরু থেকেই উজ্জ্বল লাল রঙের মাঝে হলুদ-সাদা আভার মিশ্রণে গোলাকার বল আকৃতির ফুল ফোটে। গড়নের দিক থেকে কদম ফুলের মতো। তবে আকারে আরও বড়। ফুল গন্ধহীন। ফুটন্ত ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয়। যে কারও মন জয় করতে পারে। লম্বা ডাঁটার আগায় বলের মতো গোলাকার পুষ্পস্তবক, লাল রঙের।

 

অনেকটা কদমের মতো। ফুল ফোটার পর পাতা ধীরে ধীরে মাটি ফুঁড়ে বের হয়। এরা বর্ষজীবী। পাপড়ি ও পুংকেশর অসমান। ফুল শেষে গাছে ফল ধরে। ফল গোলাকার থেকে লম্বা। রং গাঢ়-ধূসর ও শক্ত। এর অপর একটি প্রজাতির সাদা রঙের ফুল ফোটে। তবে সাদা রঙের ফুল সচরাচর আমাদের ভারতীয় উপমহাদেশে দেখা যায় না। ছোট গাছ দেখতে অনেকটা ছাতার মতো। ফুলের ডাঁটা গোলাকার, ডাঁটা ও গাছের পাতার রং সবুজ, রসাল এবং নরম প্রকৃতির হয়।

কোন ফুল তার গন্ধ ছড়িয়ে আমাদের মন জয় করে আবার কোন ফুল তার সৌন্দর্য্য দিয়ে আমাদের মন জয় করে। তেমনি একটি নির্গন্ধি ফুল তার সৌন্দর্য্য দিয়ে আমাদের চোখে স্বস্তি এনে দেয় ও সেই সাথে নিঃসন্দেহে নজর কেড়ে নেয়, যার নাম মে ফ্লাওয়ার। সারা বছর টবে এই গাছের অস্তিত্ত্ব টের পাওয়া যায়না। কিন্তু মার্চ শেষ হতেই নতুন করে মাথা তুলে দাঁড়ায় এই গাছ। এপ্রিলে গাছে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। পাতা আর কলির দেখা মেলে এই সময়।আর মে মাসের শুরুতেই ফুটে যায় ফুল। পুরো মে মাস জুড়ে ছড়িয়ে থাকে এর মুগ্ধতা। ফুলের দিকে তাকালে বোঝা যায় মে মাস এখন। আবার মাস শেষ হলে নিস্তেজ হয়ে যায় ধীরে ধীরে।

সাউথ আফ্রিকা, ওয়েস্ট অফ্রিকা, আইভরিকোস্ট, ঘানা, সাইবেরিয়া, মেক্সিকো প্রভৃতি দেশে মে ফ্লাওয়ারটির বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। এটি আমাদের দেশের বনাঞ্চল বা বনভূমির উদ্ভিদ নয়। তবে গ্রামাঞ্চলে মে মাসে এই ফুলটি মাঝেমধ্যে দেখা যায়। আমাদের দেশের সৌখিন বৃক্ষপ্রেমীরা এ ফুলটিকে টবে লাগান। লেখক : সাংবাদিক ও কলামিস্ট

 

 

Ads small one

সাতক্ষীরা পলিটেকনিকের ট্যুরিজম বিভাগ: সম্ভাবনার বাতিঘর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পলিটেকনিকের ট্যুরিজম বিভাগ: সম্ভাবনার বাতিঘর

মো. মামুন হাসান

সাতক্ষীরার কোনো এক গ্রামের ছেলে হয়তো এখন ভাবছে, এসএসসি পাস করার পর কী পড়বে। পরিবারের স্বপ্ন, একটি ভালো চাকরি। সন্তানের স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু এই দুই স্বপ্নের মাঝখানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খায়, তা হলো, পড়াশোনা শেষে কাজটা কোথায়? প্রশ্নটির উত্তর হয়তো আমাদের খুব পরিচিত কয়েকটি পেশার বাইরে কোথাও লুকিয়ে আছে।

 

ভাবুন, সাতক্ষীরার একটি ছেলে চার বছর আগে ভর্তি হলো সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। কয়েক বছর পর সেই তরুণ সুন্দরবনে একজন বিদেশি পর্যটকের গাইড। তার কণ্ঠে সুন্দরবনের গল্প, হাতে পর্যটন ব্যবস্থাপনার দক্ষতা, কথায় ইংরেজির স্বচ্ছন্দ ব্যবহার। আবার অন্য কোনো দিন তাকে দেখা গেল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের ফ্রন্ট ডেস্কে। আরেকজন হয়তো বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিসে কাজ করছেন। কেউ নিজের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান খুলেছেন। কেউ সাতক্ষীরার গ্রামেই হোমস্টে তৈরি করেছেন।আর কেউ হয়তো একদিন মালদ্বীপের কোনো দ্বীপ রিসোর্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন।

 

একটি শ্রেণিকক্ষ থেকে এতগুলো সম্ভাবনার দরজা খুলে যেতে পারে, বিষয়টি এখনো সাতক্ষীরার অনেক শিক্ষার্থীর কাছে যথেষ্ট পরিচিত নয়।বাংলাদেশে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কারিগরি শিক্ষার একটি স্বীকৃত চার বছর মেয়াদি শিক্ষাক্রম। কিন্তু এটিকে কেবল আরেকটি ডিপ্লোমা হিসেবে দেখলে এর আসল সম্ভাবনাটাই ধরা পড়ে না। কারণ এই শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত মানুষের চলাচল, আতিথেয়তা, ভ্রমণ, খাদ্য, সংস্কৃতি, যোগাযোগ, ব্যবস্থাপনা এবং সেবা অর্থনীতি।সাতক্ষীরার জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।কারণ সাতক্ষীরা নিজেই একটি পর্যটন ভূগোল। সুন্দরবনের পশ্চিম অংশ, নদী, উপকূল, গ্রামীণ জীবন, স্থানীয় খাবার, লোকজ সংস্কৃতি এবং সীমান্তের বাণিজ্যিক অবস্থান মিলে এই জেলার একটি স্বতন্ত্র পর্যটন পরিচয় তৈরি করার সুযোগ রয়েছে। সাতক্ষীরা হয়ে সুন্দরবনে ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও জাতীয় গণমাধ্যমে ইতিমধ্যে লেখা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন পর্যটনকেন্দ্রে মানুষের উপস্থিতিও দেখিয়েছে যে এই অঞ্চলে পর্যটনের চাহিদা কেবল সম্ভাবনার কাগজে নেই, বাস্তবেও তার উপস্থিতি আছে।কিন্তু পর্যটক এলেই পর্যটন শিল্প তৈরি হয় না। প্রয়োজন দক্ষ মানুষ।

 

একজন পর্যটক সুন্দরবনে এলেন। তিনি শুধু বনের গাছ দেখতে চান না। জানতে চান, এই বন কীভাবে বেঁচে আছে, জোয়ার কীভাবে মানুষের জীবন বদলায়, মৌয়ালরা কীভাবে মধু সংগ্রহ করেন, বাঘকে ঘিরে স্থানীয় মানুষের ভয় ও বিশ্বাস কী। একজন দক্ষ স্থানীয় গাইড তখন শুধু পথ দেখান না, তিনি একটি ভূখণ্ডের গল্প বলেন। তিনি হয়ে ওঠেন একটি অঞ্চলের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত।

 

সাতক্ষীরার তরুণদের জন্য এখানেই বড় সুযোগ।ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়া মানে শুধু হোটেলে চাকরি করা নয়। বরং হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, এয়ারলাইনস, বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্যুর গাইডিংসহ পর্যটন ও সেবাখাতের নানা পেশায় যাওয়ার পথ তৈরি করা। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে পাঁচ তারকা হোটেল এবং বিমান সংস্থায় কর্মসংস্থানের সুযোগের কথাও জাতীয় পর্যায়ে আলোচিত হয়েছে।কিন্তু আমার কাছে এই বিভাগের সবচেয়ে আকর্ষণীয় দিক চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার সুযোগ।

 

সাতক্ষীরার একজন শিক্ষার্থী চাইলে সাতক্ষীরাতেই একটি ছোট ট্যুর কোম্পানি শুরু করতে পারেন। শুরুতে অফিস না থাকলেও চলে। একটি মোবাইল ফোন, একটি ফেসবুক পেজ, কয়েকটি ভালো পর্যটন প্যাকেজ এবং মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা দিয়েই শুরু হতে পারে। সাতক্ষীরা থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে খুলনা, গ্রামীণ জীবন, স্থানীয় খাবার, নদীভ্রমণ কিংবা হোমস্টে নিয়ে তৈরি হতে পারে ছোট ছোট পর্যটন প্যাকেজ।

 

একজন কাজ শুরু করবেন, তাঁর সঙ্গে যুক্ত হবেন একজন নৌকার মাঝি, একজন গাড়িচালক, একজন স্থানীয় রাঁধুনি, একজন গাইড, একজন ফটোগ্রাফার। অর্থাৎ একজন তরুণের উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত একসময় কয়েকজন মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারে।এখানেই পর্যটন শিক্ষার সৌন্দর্য।এটি শুধু চাকরি খোঁজার শিক্ষা নয়, চাকরি তৈরি করার শিক্ষাও হতে পারে।

 

সাতক্ষীরার স্থানীয় খাবারও হতে পারে এই অর্থনীতির অংশ। একটি সন্দেশ, এক পাত্র খেজুরের গুড়, উপকূলের শুঁটকি, গ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না কিংবা কোনো কারুশিল্পকে যদি পর্যটকের জন্য একটি অভিজ্ঞতায় রূপ দেওয়া যায়, তাহলে স্থানীয় সংস্কৃতি আর শুধু স্মৃতির বিষয় থাকে না, হয়ে ওঠে অর্থনৈতিক সম্পদ।

 

রবীন্দ্রনাথের সেই পঙ্‌ক্তি মনে পড়ে, “পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে।” ট্যুরিজমের শিক্ষার্থীর পথটিরও কোনো নির্দিষ্ট শেষ নেই। সাতক্ষীরায় শুরু হয়ে সেই পথ যেতে পারে ঢাকায়, কক্সবাজারে, সিলেটে কিংবা সুন্দরবনের নৌপথে। আবার দেশের সীমানা পেরিয়ে যেতে পারে মালদ্বীপ, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা বিশ্বের অন্য কোনো পর্যটনকেন্দ্রে।

 

পৃথিবীর পর্যটন শিল্পের সবচেয়ে বড় শক্তি হলো, এর ভাষা প্রায় সর্বজনীন। একজন মানুষকে স্বাগত জানানো, তার প্রয়োজন বোঝা, তাকে নিরাপদ ও সুন্দর অভিজ্ঞতা দেওয়া, খাবার পরিবেশন করা, ভ্রমণের ব্যবস্থা করা কিংবা একটি স্থানের গল্প বলা, এগুলো কোনো একটি দেশের একচেটিয়া দক্ষতা নয়। তাই দক্ষতা থাকলে একজন সাতক্ষীরার তরুণও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজের জায়গা করে নিতে পারেন। আর এখানেই ইংরেজি ভাষা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি ব্যবহার ও পেশাদার আচরণের গুরুত্ব। একটি ভালো হোটেলের লবিতে দাঁড়িয়ে শুধু হাসতে জানলেই হয় না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে যোগাযোগ করতে জানতে হয়। একজন পর্যটকের প্রয়োজন বুঝতে হয়। সমস্যা হলে সমাধান করতে হয়। প্রযুক্তির সাহায্যে রিজারভেশন, টিকিটিং, অনলাইন মার্কেটিং কিংবা পর্যটন ব্যবস্থাপনা করতে হয়। ফলে এই শিক্ষার ভেতর দিয়ে একজন শিক্ষার্থী একই সঙ্গে কারিগরি দক্ষতা ও মানবিক দক্ষতা অর্জনের সুযোগ পান।তবে সবচেয়ে বড় স্বপ্নটি হতে পারে নিজের শহরকে ঘিরে।সাতক্ষীরার ছেলে সাতক্ষীরাতেই দাঁড়িয়ে যদি বলতে পারে, “আমার চাকরি আমি নিজেই তৈরি করেছি”, তাহলে সেটিই হবে এই শিক্ষার সবচেয়ে বড় সাফল্য।

 

আমরা দীর্ঘদিন ধরে উন্নয়নকে অনেক সময় বড় শহরের দিকে তাকিয়ে দেখি। মনে করি ভালো ক্যারিয়ার মানেই ঢাকা। অথচ ডিজিটাল যুগে এবং পর্যটনের বিকাশে এই ধারণা বদলানোর সুযোগ এসেছে। একজন দক্ষ ট্যুর অপারেটরের অফিস সাতক্ষীরায় হতে পারে, তাঁর গ্রাহক হতে পারেন ঢাকার মানুষ কিংবা বিদেশি পর্যটক। তাঁর গাইড হতে পারেন স্থানীয় তরুণ। তাঁর খাবারের সরবরাহ দিতে পারেন গ্রামের নারী উদ্যোক্তা। তাঁর পরিবহন দিতে পারেন স্থানীয় চালক। অর্থাৎ একটি পর্যটন উদ্যোগ একটি পুরো স্থানীয় অর্থনীতিকে সচল করতে পারে।

 

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে তাই শুধু একটি শিক্ষাক্রম হিসেবে দেখার সময় হয়তো পেরিয়ে গেছে। এটিকে দেখতে হবে সাতক্ষীরার মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় ভিত্তি হিসেবে।কারণ সুন্দরবন আমাদের আছে, কিন্তু সুন্দরবনের গল্প বলার মতো দক্ষ মানুষ কতজন তৈরি করেছি?প্রকৃতি আমাদের দিয়েছে, কিন্তু সেই প্রকৃতিকে পর্যটন পণ্যে রূপ দেওয়ার দক্ষতা কতটা তৈরি করেছি? সাতক্ষীরার তরুণ আছে, কিন্তু তাদের হাতে স্থানীয় সম্ভাবনাকে কর্মসংস্থানে রূপ দেওয়ার মতো প্রশিক্ষণ কতটা পৌঁছেছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি জায়গা হতে পারে পলিটেকনিকের সেই শ্রেণিকক্ষ। হয়তো কোনো একদিন সেই শ্রেণিকক্ষে বসে থাকা একজন তরুণই সুন্দরবনের নৌকায় বিদেশি পর্যটককে বলবেন, “ওয়েলকাম টু সুন্দরবন.” কয়েক বছর পর হয়তো সেই একই তরুণ নিজের ট্যুর কোম্পানির মালিক।অথবা কোনো পাঁচ তারকা হোটেলের ব্যবস্থাপক।অথবা বিমানবন্দরের পেশাজীবী।অথবা মালদ্বীপের কোনো রিসোর্টে কর্মরত।অথবা নিজের গ্রামের পাশে গড়ে তোলা একটি হোমস্টের উদ্যোক্তা।শুরুটা কিন্তু একই জায়গা থেকে।সাতক্ষীরার একটি শ্রেণিকক্ষ থেকে।

 

তাই ট্যুরিজম পড়া মানে শুধু পর্যটক হওয়া নয়। বরং পর্যটনের মানুষ হওয়া। নিজের মাটিকে নতুন চোখে দেখা। নিজের এলাকার গল্পকে অর্থনীতিতে রূপ দেওয়া। আর প্রয়োজন হলে সেই দক্ষতা নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করা।শিকড় সাতক্ষীরায় থাকুক, কিন্তু স্বপ্নের সীমানা হোক পুরো পৃথিবী।সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবচেয়ে বড় সম্ভাবনা হয়তো এখানেই।

 

লেখক: মো. মামুন হাসান, ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ,সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

মো. সিরাজুল ইসলাম : সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে তীব্র ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেছেন। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তাঁর নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রোববার রাতে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।