রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি অবস্থান করছে মার্কিন ডলার। একই সঙ্গে জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ০.৫ শতাংশ কমে ১০৪ ডলারে নেমে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণার কারণে দাম কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় তা এখনো প্রায় ৪৫ শতাংশ বেশি রয়েছে।

ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সূচক সামান্য কমে ১০২.১৬ পয়েন্টে দাঁড়ালেও এটি গত সপ্তাহে অর্জিত দেড় বছরের শীর্ষ অবস্থানের কাছাকাছিই রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার নিয়ামক সংস্থার তথ্য অনুসারে, ৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ডলারের ওপর বিনিয়োগকারীদের ইতিবাচক বাজি বেড়ে দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে, যা তিন সপ্তাহ আগেও ছিল ৮৪০ কোটি ডলার। এমইউএফজি-এর কারেন্সি স্ট্র্যাটেজিস্ট লি হার্ডম্যান বলেন, বিদেশি নেতিবাচক পরিস্থিতির কারণে সম্প্রতি মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, যা এর আবেদন বাড়িয়েছে।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন চলতি মাসে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের সিদ্ধান্ত ও সুদের হারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। গত মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়ায় ফেড।

এ বিষয়ে পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম। তবে মূল্যস্ফীতির তথ্য বেশি এলে প্রশ্ন উঠবে তারা আবার জানুয়ারিতে সুদের হার বাড়াবে কি না।

অন্যদিকে ইউরো স্থিতিশীল হয়ে ১.১২ ডলারে লেনদেন হলেও ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক পরিস্থিতির কারণে এটি টানা পঞ্চম সপ্তাহে লোকসানের মুখে পড়েছে। এ বিষয়ে ওসিবিসি ব্যাংকের ফরেক্স কৌশলবিদরা জানান, ঋণের চড়া মূল্য ফরাসি সরকারের ওপর বৃহত্তর রাজকোষীয় শৃঙ্খলা আরোপের জন্য যথেষ্ট হবে কি না, তা এখনই বলা কঠিন। জাপানে ছুটির কারণে ডলারের বিপরীতে ইয়েনের দর ১৫৮.৪১ ইয়েনে স্থির থাকলেও পাউন্ডের দর ০.১ শতাংশ বেড়ে ১.৩২৪৪ ডলার হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপি ডলারের বিপরীতে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫.৭ রুপিতে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

Ads small one

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

 

 

 

আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক এবং কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।

শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

 

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে আটকের চেষ্টা চলছে।