দেবহাটায় কিশোর-কিশোরী ও তরুণদের সুরক্ষায় ক্রীড়া উৎসব
দেবহাটা প্রতিনিধি: কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের সক্ষমতা বিকাশ এবং পরিবার, বিদ্যালয় ও সমাজের সমস্যা চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখার লক্ষ্যে দেবহাটায় ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর কেদার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ‘জলবায়ু কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সুরক্ষা, সহনশীলতা ও পরিবর্তনের জন্য খেলাধুলা’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা এবং অলিম্পিক শরণার্থী তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উৎসবে বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকেরা অংশ নেন। ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য বালিশ পাসিং খেলার আয়োজন করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের ফুটবল খেলা এবং অভিভাবকদের জন্য চেয়ার দখল, হাঁড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক শিক্ষক আফছার আলী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং ইউপি সদস্য আজগার আলী ও মাহবুবুর রহমান বাবলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন বয়সী শিশু-কিশোর এবং তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।









