সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ কুকুরছানার মৃত্যু
আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা শহরের পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে চারটি কুকুরছানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুটি কুকুরছানা আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভিফোর গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪২০) পোস্ট অফিস চত্বরে প্রবেশ করে। এ সময় মা কুকুরটি তার সাতটি বাচ্চা নিয়ে সেখানে ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করায় গাড়ির চাকার নিচে চাপা পড়ে চারটি কুকুরছানা মারা যায়। বেঁচে থাকা তিনটির মধ্যে দুটি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন চালকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি নেশাগ্রস্ত বা স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ সময় গাড়িতে একজন নারীও ছিলেন বলে জানান তাঁরা। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। গাড়ির মালিকানা ও ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।
সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন এ ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকের অবহেলায় নিরীহ প্রাণীগুলোর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশে এবং চাকার নিচে কোনো প্রাণী রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণী উষ্ণতার জন্য রাস্তার পাশে, পার্কিং স্পটে ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আশ্রয় নেয়। বিশেষ করে মা কুকুরেরা বাচ্চাদের নিরাপত্তার জন্য গাড়ির নিচেও আশ্রয় নিতে পারে। তাই শীতকালে গাড়ি চালানো ও পার্কিংয়ের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।









