জিএম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা) : ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কয়রা সদরের মধুর মোড়সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ গৌর সুন্দর বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, অর্থাভাবে কোনো মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই লিগ্যাল এইড বা সরকারি আইনগত সহায়তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আইনজীবী ও বিচার বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বারের সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেন এবং সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা, আবু জাফর, আনিছুর রহমান, মোশাররফ হোসেন, এস এম আব্দুর রাজ্জাক, মো. আবুবকর সিদ্দিক, অরবিন্দ কুমার সানা, প্রমথ কুমার ম-ল, আব্দুল মজিদ, আল আমিন ও জাহানারা প্রথম। বক্তারা আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।