জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপকূলের তরুণদের ‘রোড শো’
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া ও বনবিবিতলা গ্রামে দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তরুণরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি প্রকল্পের সহযোগিতায় ওই এলাকায় একটি ‘রোড শো’ ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপকূলীয় এই জনপদে জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এবং প্রশাসনকে সজাগ করতে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সিসিআরসি’র যুব সদস্যরা।
সকালে ভামিয়া (৮ নম্বর ওয়ার্ড) ও বনবিবিতলা (২ নম্বর ওয়ার্ড) গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তরুণদের রোড শো। এ সময় তাঁরা প্লাকার্ড ও ফেস্টুন হাতে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র তুলে ধরেন। পরে পদযাত্রাটি ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাঁদের দাবিগুলো পেশ করা হয়।
তরুণদের এই উদ্যোগে সংহতি জানিয়ে শত শত গ্রামবাসী মিছিলে যোগ দেন। তাঁরা জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়, যার ফলে কৃষি ও সুপেয় পানির সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। তরুণদের এই সক্রিয়তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “জলাবদ্ধতা এই এলাকার মানুষের নিত্যদিনের কষ্ট। সমস্যাটি সমাধানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেব।”
সভায় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী সদস্য মাছুরা খাতুন বক্তব্য দেন। এ ছাড়া সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রূপন, সিসিআরসি’র সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, যুবসমাজের এই সক্রিয় অবস্থানের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং উপকূলের এই দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।









