বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দেবহাটায় সিএইচসিপির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দেবহাটায় সিএইচসিপির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবুল হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের কয়েকটি নিমগাছ কেটে ভ্যানযোগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিএইচসিপি আবুল হোসেন। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তিনি দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নিয়েছেন।

গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবুল হোসেন।

তবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা জানান, পরিবেশ সুরক্ষায় গাছ রোপণের ওপর জোর দেওয়া হচ্ছে, কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার জন্য তিনি কোনো ধরনের লিখিত বা মৌখিক অনুমতি দেননি।

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিনা অনুমতিতে সরকারি গাছ কাটা দ-নীয় অপরাধ। বিষয়টির সতত্যা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

তালায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
তালায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ৫০টি চায়না দুয়ারি জাল ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে খালের মধ্যে গড়ে ওঠা আনুমানিক ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) তালা উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামের একটি খাস খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের অবৈধ জাল ব্যবহার এবং খাল দখল করে স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার ও সরকারি খাল দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় আবহাওয়ার বৈপরীত্যে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দিনের বেলায় তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হালকা শীতের অনুভূতি—আবহাওয়ার এমন পরিবর্তনে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় রোদের তীব্রতায় বাইরে চলাচল করা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে দুপুরে গরমের অনুভূতি বেশি থাকছে। অন্যদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। দিনে গরম ও রাতে ঠান্ডার এমন পরিস্থিতিতে অনেকেই মৌসুমি অসুস্থতায় ভুগছেন।

স্থানীয়দের দাবি, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকের সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ থাকায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ডেঙ্গু আতঙ্কও দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে অনেকে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করাচ্ছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের চাপ বাড়ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। পাশাপাশি দিনমজুর, ভ্যানচালক ও বাইরে কাজ করা মানুষকে দিনের তীব্র রোদে বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে। ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় হালকা কাঁথা গায়ে দিতে হয়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। এতে অনেকে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন। এ ছাড়া এ সময়ে বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও দেখা যায়। তাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

চিকিৎসকদের মতে, আবহাওয়ার পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।

এদিকে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরির কারিগরদের মধ্যেও ব্যস্ততা বাড়তে শুরু করেছে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ দিনের গরম ও রাতের শীতল আবহাওয়ার এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করছেন।

১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আজ ১২ নভেম্বর উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হচ্ছে উপকূল দিবস। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে দিনটিকে উপকূল দিবস হিসেবে পালনের দাবি দীর্ঘদিনের। উপকূলের মানুষ আজও ভয়াবহ সেই দিনের স্মৃতি বহন করছেন। ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া অনেক মানুষ এখনো জীবিত আছেন। তাঁদের কেউ তখন শিশু, কেউবা তরুণ ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়লেও সেই দিনের স্মৃতি তাঁদের মনে এখনো গভীর ক্ষত হয়ে আছে।

১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলে উপকূলীয় অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি তুলে ধরতে একটি বিশেষ দিবস থাকা জরুরি। উপকূলের সম্ভাবনা বিকাশ এবং বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার ও উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। স্বাভাবিক সময়েও উপকূলের মানুষের জীবন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে, সে খবর অনেকেরই অজানা।

উপকূল দিবস সবার। এ দিবস পালনের মাধ্যমে বছরে অন্তত একটি দিন উপকূলের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সম্মিলিতভাবে কথা বলার সুযোগ তৈরি হবে। উপকূল দিবস ও উপকূল সাংবাদিকতা একই সূত্রে গাঁথা। সবার সম্মিলিত উদ্যোগে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে এবং এর লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হতে পারে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টি ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। ওই ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে বিপুল প্রাণহানি ঘটে। বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা ১০ লাখ পর্যন্ত বলা হলেও সরকারি হিসাবে এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ। ঘূর্ণিঝড়ের ১৪ দিন পর উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সে সময় তিনি মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ দেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।

ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয় ৭ নভেম্বর এবং ১৩ নভেম্বর এটি বিলুপ্ত হয়। ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। তখন ছিল পবিত্র রমজান মাস। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমদ্দিন, মনপুরা, দৌলতখান, চরফ্যাশন, কুকরি-মুকরি, হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, চর জব্বার, বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকা। ভোলার তজুমদ্দিনে প্রায় ৪৬ শতাংশ মানুষের প্রাণহানি ঘটে। ওই এলাকার এক লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে জীবিত ছিলেন মাত্র ৭৭ হাজার।

ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (তিন মিনিটের গড়) এবং ২০৫ কিলোমিটার (এক মিনিটের গড়)। জাতিসংঘের বিভিন্ন তথ্যে ১৯৭০ সালের এই ঘূর্ণিঝড়কে প্রাণহানির দিক থেকে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের ১৭টি আসনে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পিছিয়ে ১৭ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বাড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে ত্রাণের অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান আবহাওয়া দপ্তর যথাযথভাবে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত দিতে পারেনি বলেও অভিযোগ ওঠে। ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পর পাকিস্তান সরকার ত্রাণ কার্যক্রমে ব্যর্থতার কথা স্বীকার করে। এ ঘটনায় তৎকালীন শাসকগোষ্ঠীর প্রতি পূর্ব বাংলার মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়, যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখে।

২০১৭ সাল থেকে ১২ নভেম্বর ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রস্তাবিত এ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। তাঁদের মতে, বাংলাদেশের উপকূল এখনো নানা ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো সংকট মোকাবিলায় এখনো প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতি রয়েছে। তাই উপকূলের মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি।