দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে চার প্রয়াত ব্যক্তির স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মিশনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণ করা হয় নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ মৌলভী আনছার উদ্দিন আহমেদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সখিপুর আহ্ছানিয়া মিশনের প্রয়াত সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছালামতুল্যা গাজী এবং প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানকে।
সখিপুর আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন নলতা শানপুকুর জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম। এ ছাড়া হামদ, নাত, কিয়াম ও মুর্শিদি পরিবেশন করেন মোহাম্মদ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, সরদার আমজাদ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল। এ সময় নলতা ও সখিপুর আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের আশেকে এলাহী, খাদেম ও ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।












