মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নাভারন-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় হেলপার নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
নাভারন-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় হেলপার নিহত

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের হেলপার আরিফ হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান। নিহত আরিফ হোসেন (৩০) এর বাড়ি বগুড়ার শেরপুরে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা বোঝায় একটি কভার্ডভ্যান যশোরের দিকে যাওয়ার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তখননে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গাড়ির চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

Ads small one

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক ভার্সুয়াল মিটিং-এর মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হলো। স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এবং স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে।

হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইলিয়াস হোসেনকে আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আব্দুল আজিজ, শিক্ষক এসএম আতিকুর রহমান মিলন এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম (ছাত্র প্রতিনিধি)।

কমিটিতে আছেন আহবায়ক- আব্দুল লতিফ কাজল (এসএসসি-১৯৯৯), যুগ্ম আহবায়ক- রুহুল আমিন (এসএসসি-১৯৯৮), হাসানুজ্জামান (এসএসসি-২০০০), শিমুল (এসএসসি-২০০১), মো. নাজমুল ইসলাম (এসএসসি-২০০২), সদস্য সচিব-আসাদুজ্জামান আসাদ (এসএসসি-২০০৩), সদস্য (দপ্তর সম্পাদক ও স্কুল সমন্বয়ক)- কবিরুল ইসলাম (এসএসসি-১৯৯৯) এবং সদস্যরা হলেন- মুন্নি (এসএসসি-২০০৩), নাজমুল হোসেন (এসএসসি-২০০৪), সরোয়ার হোসেন রিন্টু (এসএসসি-২০০৫), বাইজীদ (এসএসসি-২০০৬), সেলিম হোসেন (এসএসসি-২০০৮), আবু তৌহিদ (এসএসসি-২০১২), মো. সাইফুল্লাহ (এসএসসি-২০১৬), মেহেদী (এসএসসি-২০২০) ও শাহারিয়ার মাহমুদ সুজন (এসএসসি-২০২২)।

তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তালায় কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ, থানায় মামলা

তালা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধুলন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন করা হয়। নীলা ওই গ্রামের লিটন শেখের মেয়ে এবং মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নীলার বাবা লিটন শেখ সাতজনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেছেন। ৫ অক্টোবর করা মামলাটির নম্বর ৪। এজাহারে নীলাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, নীলা কলেজে যাতায়াতের সময় কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নীলা তাঁর বাবাকে জানালে লিটন শেখ ধুলন্ডা গ্রামের অফছার শেখের ছেলে আমজেত শেখ (৫০) ও তাঁর পরিবারের সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর রাতে আসামিরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পরদিন ২ অক্টোবর জেঠুয়া বাজারে লিটন শেখের হোটেলেও গিয়ে নীলার নামে অপপ্রচার চালানো হয়। একই দিন দুপুরে বাড়ি ফেরার পথে লিটন শেখকে আসামিরা পথরোধ করে মারধর করেন। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধুলন্ডা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

নীলার বাবা লিটন শেখের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। এ ঘটনায় আমজেত  শেখ (৫০), আহম্মাদ আরী শেখের ছেলে রকি শেখ (২৪), সেলিম মালির ছেলে সৈয়েব মালি (১৮), আকবর শেখের ছেলে ইমন শেখ (২২), মোহাম্মাদ আলী শেখের ছেলে ইমরান শেখ (২৮), আমজেত শেখের মেয়ে আকলিমা বেগম (২৫) এবং অফছার শেখের ছেলে আকবর শেখকে আসামি করা হয়েছে। লিটন শেখের অভিযোগ, আসামিরা তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। একই সঙ্গে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এদিকে মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা বাড়িতে নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিশ্ব তুলা দিবস: সাদা তন্তুর বিশ্ব অর্থনীতির বুনন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
বিশ্ব তুলা দিবস: সাদা তন্তুর বিশ্ব অর্থনীতির বুনন

সাকিবুর রহমান বাবলা

তুলা শুধু একটি প্রাকৃতিক তন্তু বা পোশাক তৈরির কাঁচামাল নয়; বিশ্ব অর্থনীতি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সাদা রঙের এই আঁশ তাই বিশ্বজুড়ে ‘সাদা সোনা’ নামে পরিচিত। প্রতি বছর ৭ অক্টোবর বিশ্ব তুলা দিবস পালিত হয়। তুলা উৎপাদনকারী কৃষক, শ্রমিক, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অবদান তুলে ধরা এবং তুলাকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিশ্ব তুলা দিবসের উদ্যোগের পেছনে রয়েছে আফ্রিকার চারটি তুলা উৎপাদনকারী দেশ—বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালি। সম্মিলিতভাবে পরিচিত ‘কটন ফোর’ দেশগুলো তুলার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ৭ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে প্রথম বিশ্ব তুলা দিবস পালিত হয়। পরে ২০২১ সালের আগস্টে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭৫/৩১৮ নম্বর প্রস্তাবের মাধ্যমে ৭ অক্টোবরকে বিশ্ব তুলা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ফলে দিবসটি জাতিসংঘের আন্তর্জাতিক দিবসের ক্যালেন্ডারে স্থায়ী স্থান পায়।

বিশ্বের ৮০টিরও বেশি দেশে তুলা চাষ হয়। প্রতিবছর বিশ্বে প্রায় ২৫ থেকে ২৭ মিলিয়ন টন তুলা উৎপাদিত হয়। চীন, ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান তুলা উৎপাদক দেশগুলোর মধ্যে রয়েছে। কাঁচা তুলার আন্তর্জাতিক বাণিজ্যেও ব্রাজিল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুলা চাষ ও এর সঙ্গে যুক্ত সরবরাহব্যবস্থায় বিশ্বের বিপুলসংখ্যক কৃষক, শ্রমিক ও পরিবার জীবিকার সঙ্গে সম্পৃক্ত।

তুলার ব্যবহারও বহুমুখী। পোশাক ও বস্ত্রশিল্পে তুলার আঁশ সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও তুলাবীজ থেকে তেল ও পশুখাদ্য উৎপাদিত হয়। চিকিৎসা ও কাগজ শিল্পেও তুলার ব্যবহার রয়েছে। ফলে তুলা একটি কৃষিপণ্য থেকে জিনিং, সুতা উৎপাদন, বয়ন, পোশাক তৈরি ও রপ্তানি পর্যন্ত দীর্ঘ শিল্পকৃঙ্খল তৈরি করেছে। এ কৃঙ্খলে কৃষক থেকে শুরু করে শিল্পশ্রমিক—বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তুলা উৎপাদনের সঙ্গে কৃষকের জীবন ও শ্রম সরাসরি যুক্ত। বীজ বপন, পরিচর্যা, আগাছা নিয়ন্ত্রণ, রোগ-পোকা দমন এবং তুলা সংগ্রহ-প্রতিটি ধাপে শ্রমের প্রয়োজন হয়। একই সঙ্গে তুলা উৎপাদনে উন্নত বীজ, সেচ, সার, নিরাপদ কীটনাশক ব্যবহার, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক কৃষিপদ্ধতির গুরুত্ব রয়েছে। জলবায়ু পরিবর্তন, খরা, পানির প্রাপ্যতা ও উৎপাদন ব্যয় তুলা চাষের ওপর প্রভাব ফেলছে। তুলার পাশাপাশি পরিবেশবান্ধব ও জৈব তুলা উৎপাদনের প্রতিও বিশ্বে আগ্রহ বাড়ছে।

বাংলাদেশের জন্য বিশ্ব তুলা দিবসের গুরুত্ব বিশেষ। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু বিশাল এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলার বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে প্রতিবছর প্রায় ৮৫ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন প্রায় ২ লাখ বেল। ফলে দেশের চাহিদার মাত্র প্রায় ৩ শতাংশ স্থানীয় উৎপাদন থেকে আসে এবং প্রায় ৯৭ শতাংশ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে তুলা চাষের বিস্তার রয়েছে। ঝিনাইদহ দেশের অন্যতম প্রধান তুলা উৎপাদনকারী জেলা। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তুলা চাষের জন্য উপযোগী। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে বীজ বপন এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে তুলা সংগ্রহ করা হয়।

দেশে তুলা উৎপাদন বৃদ্ধির দায়িত্বে রয়েছে তুলা উন্নয়ন বোর্ড। ১৯৭২ সালে গঠিত এ প্রতিষ্ঠান দেশীয় তুলা উৎপাদন সম্প্রসারণ, উন্নত জাতের বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে। চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় লবণাক্ত এলাকায় তুলা চাষ সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি, কৃষক প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হলেও তুলা উৎপাদনে অবস্থান তুলনামূলকভাবে নিচে। দেশের স্পিনিং ও টেক্সটাইল শিল্পের প্রয়োজন মেটাতে প্রতিবছর বিপুল পরিমাণ কাঁচা তুলা আমদানি করা হয়। ব্রাজিল, ভারত, যুক্তরাষ্ট্র ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ বাংলাদেশের তুলার অন্যতম উৎস। এ আমদানিতে প্রতিবছর কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।

তুলা শিল্পের সঙ্গে শ্রমিকের জীবনও নিবিড়ভাবে জড়িত। মাঠের কৃষিশ্রমিক থেকে জিনিং, স্পিনিং ও টেক্সটাইল কারখানার শ্রমিক-বিস্তৃত কর্মসংস্থান তৈরি হয়েছে এ খাতে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘন্টা, ন্যায্য মজুরি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তুলার ধুলাবালি ও কৃষিতে ব্যবহৃত রাসায়নিকের সংস্পর্শে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, নিরাপদ কর্মপদ্ধতি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

বিশ্ব তুলা দিবস তাই শুধু একটি কৃষিপণ্যের দিবস নয়; এটি কৃষক, শ্রমিক, শিল্প, বাণিজ্য ও অর্থনীতির সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক দিবস। তুলার ন্যায্য মূল্য, কৃষকের উৎপাদন সক্ষমতা, শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার গুরুত্ব এ দিবসে বিশেষভাবে তুলে ধরা হয়।

বাংলাদেশের জন্যও এ দিবস একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশীয় তুলা উৎপাদন বাড়ানো, অনাবাদি ও বিকল্প জমিতে চাষ সম্প্রসারণ, উন্নত জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহার, কৃষকের প্রশিক্ষণ এবং গবেষণা জোরদারের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। তুলা উৎপাদন বাড়লে দেশের কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহেও নতুন সম্ভাবনা তৈরি হবে। আর সেই সম্ভাবনার কেন্দ্রেই রয়েছে সাদা তুলার ছোট্ট আঁশ-
যার সঙ্গে জড়িয়ে আছে কৃষকের শ্রম, শ্রমিকের জীবন, শিল্পের গতি এবং বিশ্ব অর্থনীতির বিশাল এক প্রবাহ।